সাদা বলের দুই ফরম্যাটের সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে তার আগে আজ হঠাৎ বদলে যাচ্ছে সিরিজের সময়সূচি।
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের এই সিরিজ উপলক্ষে আগেই নিশ্চিত হয়েছিল সূচি ও ভেন্যু। তবে বিশ্বব্যাপী জ্বালানি সঙ্কটের কারণে খেলার সময়ে আসছে পরিবর্তন।
বুধবার মিরপুরে বিসিবি কার্যালয়ে বোর্ডের এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন কমিটির প্রধান তামিম ইকবাল।
এ সময় তিনি আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করার কথা জানান। মূলত বিদ্যুৎ সাশ্রয় করতে রাতের ম্যাচগুলো দিনেই আয়োজনের লক্ষ্য বিসিবির।
আগের সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় ও সন্ধ্যা ৬টায় হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ম্যাচগুলো।
পরিবর্তিত সূচি অনুযায়ী ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টা অথবা সাড়ে ১১টায় আর টি-টোয়েন্টি ম্যাচগুলো বেলা ২টা অথবা আড়াইটায় হতে পারে।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ১৭ ও ২০ এপ্রিল। আর সিরিজের শেষ ম্যাচ গড়াবে ২৩ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
এরপর ২৭ ও ২৯ এপ্রিল টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হবে চট্টগ্রামে। আর ২ মে সিরিজের শেষ ম্যাচটি হবে মিরপুরে। যদিও এ ম্যাচটি দুপুর ২টায় শুরুর কথা আগেই জানানো হয়েছিল।



