সাবেক প্রোটিয়া ক্রিকেটার ম্যাকেঞ্জি আর নেই

১৯৭০ সালে শ্বেতাঙ্গ আধিপত্য ও অশ্বেতাঙ্গদের প্রতি বৈষম্যের জেরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
কেভিন ম্যাকেঞ্জি
কেভিন ম্যাকেঞ্জি |সংগৃহীত

সাবেক প্রোটিয়া ক্রিকেটার কেভিন ম্যাকেঞ্জি মারা গেছেন। রোববার (১০ মে) হিন্দুস্তান টাইমস বিষয়টি নিশ্চিত করেছে।

কেভিন ম্যাকেঞ্জি দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার নিল ম্যাকেঞ্জির বাবা।

কেভিন ম্যাকেঞ্জি ৭৭ বছর বয়সে মারা গেলেন। তিনি নিজ প্রজন্মের অন্যতম সেরা ক্রিকেটার হওয়া সত্ত্বেও কখনো দেশের হয়ে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ পাননি।

কেভিন ম্যাকেঞ্জি দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে ট্রান্সভালের হয়ে ১৩৩টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। দৃঢ় মানসিকতার এই ব্যাটার ৩৬.৫১ গড়ে ৬ হাজার ৭৫৬ রান করেন এবং হাঁকান ১৩টি সেঞ্চুরি।

তবে তিনি এমন এক সময়ে ক্রিকেট খেলেছেন, যখন বর্ণবৈষম্যমূলক অ্যাপারথেইড নীতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৭০ সালে শ্বেতাঙ্গ আধিপত্য ও অশ্বেতাঙ্গদের প্রতি বৈষম্যের জেরে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে আন্তর্জাতিক অঙ্গন থেকে নিষিদ্ধ করা হয়।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট এসএ ক্রিকেট মাগ-এর তথ্যমতে, ‘আইসোলেশন যুগে দক্ষিণ আফ্রিকার হয়ে সাতটি অনানুষ্ঠানিক টেস্ট ম্যাচ খেলেছিলেন ম্যাকেঞ্জি, যখন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার কোনো সুযোগই ছিল না।’

কেভিনের প্রথম-শ্রেণির গড় ৩৬.৫১ অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে, কারণ তার খ্যাতির সাথে সেই পরিসংখ্যান পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবে মনে রাখতে হবে, তিনি এমন সময়ে খেলেছেন যখন উইকেটগুলো ছিল বোলারদের জন্য অত্যন্ত সহায়ক। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কোনো সম্ভাবনা না থাকায় খেলোয়াড়দের অনুপ্রেরণাও অনেকটাই কমে গিয়েছিল। তবুও যারা তাকে খেলতে দেখেছেন, তারা তার ব্যাটিং ও ব্যক্তিত্ব নিয়ে উচ্চ প্রশংসা করেছেন।

কেভিন ম্যাকেঞ্জির মৃত্যুতে শোকে মূহ্যমান ক্রিকেটবিশ্ব। প্রথম-শ্রেণির ক্রিকেটে ৭৬৭ উইকেট শিকার করা একই যুগের সাবেক ফাস্ট বোলার ভিন্স ভ্যান ডার বিজল তার সাবেক ট্রান্সভাল সতীর্থ ম্যাকেঞ্জিকে স্মরণ করে আবেগঘন বক্তব্য দিয়েছেন।

তার ভাষায়, ‘আজ গলফ কোর্সে কেভিন ম্যাকেঞ্জির আকস্মিক মৃত্যুর খবর আমাদের সবাইকে ভেঙে দিয়েছে। যারা তাকে চিনতেন, তারা সবাই তাকে ভালোবাসতেন। মার্ক নিকোলস (এমসিসি সভাপতি) একবার বলেছিলেন, মাইক প্রোক্টর (দক্ষিণ আফ্রিকার আরেক সাবেক ক্রিকেটার) ছিলেন ক্রিকেটের কিংবদন্তিদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া মানুষদের একজন। একই কারণে কেভিনও ছিলেন সবার প্রিয়। ইতিবাচক, বিশ্বস্ত, উদার এবং অসাধারণ একজন মানুষ। আমরা তার স্ত্রী উইলমা ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

উল্লেখ্য, কেভিন ম্যাকেঞ্জির ছেলে নিল ম্যাকেঞ্জি ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৮টি টেস্ট, ৬৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ৫ হাজার রান করেছেন।