বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

১৭ মে বিকেল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। পরের দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
বাংলাদেশ ক্রিকেট বোর্ড |ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছিল আগেই। এবার শুরু হয়ে গেল আনুষ্ঠানিক কাউন্টডাউন। আজ শনিবার ঘোষণা করা হয়েছে নির্বাচনের তফসিল।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের পরবর্তী নির্বাচন। একই দিনে হবে ফলাফল ঘোষণা।

তফসিল অনুযায়ী, আগামীকাল ১৭ মে বিকেল ৪টায় ঘোষিত হবে খসড়া ভোটার তালিকা। পরের দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ঘোষিত ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ।

আপত্তির ওপর শুনানি হবে ১৯ মে। একই দিন চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশিত হবে। এরপর ২০ ও ২১ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করা হবে।

২২ ও ২৩ মে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় পাবেন প্রার্থীরা। ২৩ মে বাছাইকৃত মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

২৪ মে একই দিনে বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ এবং শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে সকাল দশটা থেকে ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা।

সেদিনই দুপুর দুইটায় চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৫ মে পোস্টাল ব্যালটের আবেদন করা যাবে।

এই ব্যালট পাঠানোর প্রক্রিয়া শেষে আগামী ৭ জুন বোর্ড রুমে অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালক এবং সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন। ফলাফল ঘোষণাও হবে একই দিনে।

প্রতিবারের ন্যায় এবারো তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে ১০ জন। ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১২ জন। সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে নির্বাচিত হবেন ১ জন।

উল্লেখ্য, এবারের বিসিবির নির্বাচন ঘিরে দেশের ক্রিকেট মহলে ইতোমধ্যেই ব্যাপক গুঞ্জন ও তোড়জোড় শুরু হয়েছে। নতুন পরিচালনা পর্ষদে কারা আসছেন তা নিয়েও রোমাঞ্চিত সমর্থকরা।