ব্যাটিংয়ে আরো আগ্রাসী হওয়ার লক্ষ্য নিয়ে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে কয়েকজন ক্রিকেটারকে বিশেষ প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানোর চিন্তা করছে তারা।
যদিও পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন।
ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে হেসন বলেন, যুক্তরাষ্ট্রে পাওয়ার হিটিং বিশেষজ্ঞদের সাথে কাজ করার সুযোগ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু ক্রিকেটারকে চার মাসের প্রশিক্ষণ কর্মসূচিতে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।
তার মতে, দীর্ঘদিন চোটে থাকা এবং কিছু তরুণ ক্রিকেটারকে নতুন ধরনের ব্যাটিং কৌশলের সাথে পরিচয় করিয়ে দেয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এটি শুধু ব্যাটিং উন্নয়নের পরিকল্পনা নয়, বরং পাকিস্তান ক্রিকেটে চলমান বড় পরিবর্তনের অংশও বটে।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক ফিজিওথেরাপিস্ট জাভেদ মূঘলকে স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। তার তত্ত্বাবধানে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন ও প্রশিক্ষণ পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে।
হেসনের ভাষায়, বিষয়টি শুধু শক্তি ও ফিটনেস বাড়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। খেলোয়াড়দের নতুন পরিবেশে শেখার সুযোগ দেয়াও এই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
সম্ভাব্য প্রশিক্ষণ তালিকায় রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার আলি রেজা। ১৮ বছর বয়সী এ তরুণকে পাকিস্তানের অন্যতম প্রতিশ্রুতিশীল ফাস্ট বোলার হিসেবে বিবেচনা করা হয়।
গত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আলি। এছাড়া চলতি পিএসএলেও হ্যাটট্রিক করে নজর কাড়েন তিনি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে তার ফিটনেস ও কাজের চাপ ব্যবস্থাপনায় সতর্ক থাকতে চায় পিসিবি।
হেসন বলেন, আলি রাজাকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে সে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে পারে। তার গতি অসাধারণ, তবে সেই গতি দীর্ঘ সময় ধরে ধরে রাখতে শারীরিকভাবে আরো শক্তিশালী হওয়া প্রয়োজন।
সব মিলিয়ে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় খেলোয়াড়দের শক্তি, দক্ষতা ও ফিটনেস বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার পথেই হাঁটছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।



