২ হাজার রানের ক্লাবে প্রথম বাংলাদেশী লিটন

লিটনের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২৬ মাচের ৪৮ ইনিংসে চারটি সেঞ্চুরি ও আটটি হাফ-সেঞ্চুরির সহায়তায় ৪২.৬৩ গড়ে ১৮৭৬ রান করেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
লিটন দাস
লিটন দাস |সংগৃহীত

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রানে আউট হন লিটন। এই ইনিংস খেলার পথে টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই হাজার রান পূর্ণ করেন তিনি। ৩১ ম্যাচে ৫৫ ইনিংসে এখন পর্যন্ত ৩৭.২০ গড়ে ২০০৯ রান করেছেন লিটন। চার সেঞ্চুরির সাথে ১১টি হাফ-সেঞ্চুরি আছে তার।

লিটনের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ২৬ মাচের ৪৮ ইনিংসে চারটি সেঞ্চুরি ও আটটি হাফ-সেঞ্চুরির সহায়তায় ৪২.৬৩ গড়ে ১৮৭৬ রান করেছেন তিনি।

এরপর এ তালিকার তৃতীয় স্থানে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩০ ম্যাচের ৫৭ ইনিংসে ১৬৫৫ রান করেছেন তিনি। শান্তর ব্যাটিং গড়- ২৯.৫৫। পাঁচটি সেঞ্চুরির সাথে তিনটি হাফ-সেঞ্চুরিও হাঁকান শান্ত।

তালিকার চতুর্থ স্থানে আছেন মোমিনুল হক। ৩২ ম্যাচের ৬১ ইনিংসে তিনটি শতক ও আটটি অর্ধশতকে ২৭.৯৬ গড়ে ১৫৯৪ রান আছে তার।

শীর্ষ পাঁচের মধ্যে আরো আছেন মেহেদি হাসান মিরাজ। ৩০ ম্যাচে ৫৫ ইনিংস ব্যাট করে ২৫.৯৬ গড়ে ১৩২৪ রান করে পঞ্চম স্থানে আছেন মিরাজ। একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ-সেঞ্চুরি আছে মিরাজের নামের পাশে।

২০১৯ সাল থেকে শুরু হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ইংল্যান্ডের জো রুটের। ৭৪ ম্যাচের ১৩৬ ইনিংসে ২৩ সেঞ্চুরি ও ২২ হাফ-সেঞ্চুরিতে ৬৪৮০ রান করেছেন তিনি। রুটের ব্যাটিং গড়- ৫২.২৫।

৫৯ ম্যাচের ১০৩ ইনিংসে ৪৫৬৪ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। বাসস