বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি তামিম ইকবালের আয়োজিত ‘ক্যাপ্টেনস কার্ড’ প্রদান অনুষ্ঠানে আসেননি আমিনুল ইসলাম বুলবুল। এমনকি তামিমকে ফোনে ব্লক করে রেখেছেন তিনি।
১০ দিন আগেও বিসিবি সভাপতির চেয়ারে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে হঠাৎ করে গত সপ্তাহে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুলকে সরিয়ে তার চেয়ারে বসিয়ে দেয় তামিমকে।
যা স্বাভাবিকভাবেই তিনি ভালোভাবে নেননি। এই ঘটনার প্রভাব পড়েছে তামিমের সাথে আমিনুলের ব্যক্তিগত সম্পর্কেও। যার জেরে তামিমকে ব্লক করে রেখেছেন সাবেক এই বিসিবি সভাপতি।
বৃহস্পতিবার সাবেক অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ প্রদান অনুষ্ঠানে তামিম জানান এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনি ব্লক লিস্টে।
তামিম বলেন, ‘এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সাথেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি, সাকিব, ফারুক ভাইয়ের সাথে কথা বলেছি।’
‘বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।’ যোগ করেন তামিম।
শেষে অনুপস্থিত অধিনায়কদের উদ্দেশে তামিম বলেন, ‘এই কার্ডগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। যখনই দেশে থাকবেন, সময় পেলেই এসে নিয়ে যাবেন।’
‘এটা সবসময় বিসিবিতে আপনাদের জন্য থাকবে। বাংলাদেশ ক্রিকেটে আপনাদের অবদান অসীম।’



