পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মাইকেল স্মিথ

আগামী ১৯ আগস্ট লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে পাকিস্তানের নতুন অধ্যায় শুরু হবে।

নয়া দিগন্ত অনলাইন

জাতীয় দলের ব্যাটিং উন্নতিতে নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন সংস্করণের জন্য দক্ষিণ আফ্রিকার কোচ মাইকেল স্মিথকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) স্মিথের নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পিসিবি। ৪৬ বছর বয়সী এই কোচের সাথে দুই বছরের চুক্তি করেছে বোর্ড।

এতদিন পাকিস্তান দলের জন্য নির্দিষ্ট কোনো ব্যাটিং কোচ ছিল না। প্রয়োজনে নির্বাচক আসাদ শাফিক ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতেন। এখন থেকে তিন সংস্করণেই ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন স্মিথ।

পাকিস্তান ক্রিকেটের সাথে স্মিথের পরিচয় অবশ্য নতুন নয়। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস ও মুলতান সুলতান্সের সাথে কাজ করেছেন তিনি। এ ছাড়া বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়াতেও ব্যাটিং কোচ হিসেবে অভিজ্ঞতা রয়েছে তার।

জাতীয় দলের সাথে স্মিথের প্রথম বড় পরীক্ষা হবে ইংল্যান্ড সফর। সেখানে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা দলটির বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চাপের মুহূর্তে নিয়মিত ব্যাটিং ধসের কারণে ভুগছে তারা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও ৩ উইকেটে ২৪৪ রান থেকে ২৮২ রানে অলআউট হয় পাকিস্তান। শেষ ৭ উইকেট হারায় মাত্র ৩৮ রানে। পরে ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২০ রানে গুটিয়ে যায় তারা।

পরিসংখ্যানও পাকিস্তানের ব্যাটিং সঙ্কটের চিত্র তুলে ধরছে। সর্বশেষ ১৭ টেস্টে ১৩টি হারের অন্যতম কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা। ২০২৫ সালের শুরু থেকে টেস্টে পাকিস্তানের শেষ চার ব্যাটসম্যানের গড় মাত্র ৯.৯১ রান, যা টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।

খেলোয়াড় হিসেবেও স্মিথের রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ৮৯টি, লিস্ট ‘এ’ ৭২টি এবং টি-টোয়েন্টি ১৬টি ম্যাচ খেলেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে তার রান ৭ হাজার ২৯, যেখানে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটি।

আগামী ১৯ আগস্ট লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে পাকিস্তানের নতুন অধ্যায় শুরু হবে।