ভারতের দেয়া নাকরিকত্ব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রশিদ খান

সে সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রশিদকে তাদের দেশের সম্পদ হিসেবে আখ্যায়িত করেছিলেন। রশিদও ঘানিকে ধন্যবাদ জানিয়ে আফগানিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
রশিদ খান
রশিদ খান |ফাইল ছবি

দেশপ্রেমের অনন্য নজির দেখালেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। ক্রিকেটে প্রভাবশালী দু’টি দেশ তাকে নাকরিকত্বের প্রস্তাব দিলেও তা তিনি ফিরিয়ে দিয়ে দেশের জন্যই খেলবেন বলে তাদের জানিয়ে দিয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি প্রকাশিত হয়েছে রশিদের আত্মজীবনী ‘ফ্রম স্ট্রিটস টু স্টারডম’। তাতেই রশিদ এই দাবি করেন।

আফগান ক্রিকেটার জানিয়েছেন, ২০২৩ সালের আইপিএলের সময় তিনি ভারতের নাগরিকত্ব নেয়ার প্রস্তাব পেয়েছিলেন। আত্মজীবনীতে রশিদ লিখেছেন, ‘অস্ট্রেলিয়া এবং ভারত থেকে নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলাম। দুই ক্ষেত্রেই আমার একই উত্তর ছিল। বলেছিলাম, যদি আমি আমার দেশের হয়ে না খেলি, তাহলে অন্য কোনো দেশের হয়েও খেলব না।’

অস্ট্রেলিয়া থেকে কিভাবে প্রস্তাব পেয়েছিলেন, তা স্পষ্ট করেননি রশিদ। তবে ভারতের নাগরিক হওয়ার প্রস্তাব নিয়ে রশিদ লিখেছেন, ‘২০২৩ সালে গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল খেলার সময় প্রস্তাব পেয়েছিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক প্রভাবশালী কর্মকর্তা আমার সাথে দেখা করতে চান। আমি তার কাছে গিয়েছিলাম। সাধারণ সৌজন্য বিনিময়ের পর কথা শুরু হয়। তিনি আমায় বলেন, “তোমার দেশের পরিস্থিতি তো খুব খারাপ। চাইলে তুমি স্থায়ীভাবে ভারতে বসবাস করতে পারো।

প্রয়োজনীয় সব ভারতীয় নথি তৈরি করিয়ে দেবো আমরা। তুমি ভারতে থাকো। এখানে ক্রিকেট খেল।” তার প্রস্তাব শুনে ভীষণ বিস্মিত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না, উনি কী বলছেন এবং আমার কী উত্তর দেয়া উচিত। শেষে অল্প হেসে বলেছিলাম, আপনাকে ধন্যবাদ। আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলি।’

দেশের প্রতি রশিদের আনুগত্য নতুন নয়। ২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ বলে ৩৪ রানের ইনিংস খেলার পর ৩ উইকেট নিয়েছিলেন। সে সময় ক্রিকেটপ্রেমীদের একাংশ রশিদকে ভারতের নাগরিকত্ব দেয়ার দাবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যাগ করা হয় দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। তিনি উত্তরে জানিয়েছিলেন, নাগরিকত্বের বিষয়টি স্বরাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে।

সে সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রশিদকে তাদের দেশের সম্পদ হিসেবে আখ্যায়িত করেছিলেন। রশিদও ঘানিকে ধন্যবাদ জানিয়ে আফগানিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন।