নয়া ইতিহাসের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বপ্ন এখন হাতছোঁয়া দূরত্বে। ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য টাইগারদের সামনে লক্ষ্য মাত্র ৫৭ রান।
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে শুরু থেকেই দারুণ ক্রিকেট খেলেছে টাইগাররা। প্রথম ইনিংসে দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দিয়েছিল বাংলাদেশ।
এরপর টাইগাররা নিজেদের প্রথম ইনিংসে করে ৪২৬ রান। ২২৮ রানের রেকর্ড গড়া লিড পায় বাংলাদেশ। সেই লিড ভাঙতে গিয়েই হাপিত্যেশ করতে থাকে অজিরা। শেষ পর্যন্ত লিড ভাঙতেও পারে।
তবে লিড ভাঙতে গিয়ে ইনিংস আর বড় করা হয়নি। সব কয়টি উইকেট হারিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়া তুলতে পারে ২৮৪ রান। যেখানে ক্যামেরন গ্রিন একাই করেন ২০১ বলে ১০৪ রান। এছাড়া ৪৪ রান করেন স্টিভ স্মিথ।
অন্যদিকে বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন মেহেদী মিরাজ। যা টেস্টে ১৫তম ফাইফার। এছাড়া হাসান মাহমুদ নিয়েছেন ৩ উইকেট। তাতেই অজিরা গুটিয়ে গেছে অল্পতে।
এখন কাজ ব্যাটারদের। দেখেশুনে তারা এই রান পেরোতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ।



