গত বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে পুরো মৌসুমে খেলেছেন নাসুম আহমেদ। ১২ ম্যাচ খেলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ উইকেট নেন তিনি। তার দারুণ পারফরম্যান্সে দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত খেলে সিলেট।
কিন্তু দলকে সাফল্য এনে দিয়েও হতাশ হতে হয়েছে নাসুমকে। এখনো তিনি পারিশ্রমিকের ৩৫ লাখ টাকা পাননি বলে দাবি করছেন এই স্পিনার। বারবার বিসিবির দারস্থও হয়েও প্রতিকার পাননি তিনি।
এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও একাধিকবার এই নিয়ে মুখ খুলেছেন তিনি। তবে গতরাতে নাসুম যা করেছেন, তা দেশের ক্রিকেটের জন্য লজ্জার। যেখানে বেশ ক্ষুদ্ধ হয়ে কথা বলেন এই স্পিনার।
নাসুম লিখেন, ‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’
সিলেট টাইটান্সের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা ফাহিম আল চৌধুরীকে সামনে এনে নাসুম লিখেছেন, ‘ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন- আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি।’
‘আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন- সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।’
‘ভাই, আমার টাকাগুলো যেন পাই- এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নম্বরটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি।’
‘তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।’- যোগ করেন তিনি।



