ব্যাট উঁচিয়ে ধরা যেন ভুলতেই বসেছেন লিটন দাস। সেই ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬৬ রানের ইনিংস খেলেছিলেন, এরপর ওয়ানডেতে আর পঞ্চাশের দেখা পাননি তিনি।
মাঝে টানা ৯ ইনিংস তো দুই অঙ্কই ছুঁতে পারেননি লিটন। ফিফটিখরার ১৮ ইনিংসে মোট ২৯৫ রান করেছেন ১৮.৪৩ গড়ে। স্ট্রাইক রেটও যাচ্ছেতাই, ৭১.৪২।
এমনকি ধারাবাহিক ব্যর্থতায় দলে জায়গাও হারিয়েছিলেন লিটন। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করলেও গত পাকিস্তান সিরিজ দিয়ে আবার ফেরানো হয় তাকে।
এবার নতুন ভূমিকায়। টপ অর্ডারের বদলে ৪ নম্বর পজিশনে ব্যাট করছেন লিটন। এখানে অবশ্য মন্দের ভালো, শেষ তিন ম্যাচেই খেলেছেন চল্লিশ পেরোনো ইনিংস- ৪১, ৪১, ৪৬।
তবে লিটন দাসের কাছে চাওয়া কি কেবল এতোটাই! দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার তিনি। হয়তো সবচেয়ে বেশি ভরসাও রাখা হয় তার ওপররই। তবে বড় প্রশ্ন, লিটন কি তা বুঝতে পারেন?
ঘুরে দাঁড়াতে দারুণ উপলক্ষ পাচ্ছেন লিটন। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দিয়ে দেশের চতুর্দশ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে শততম ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি।
মাইলফলকের ম্যাচে তার ব্যাট থেকে বড় ইনিংসের আশায় থাকবে বাংলাদেশ দল। পারবেন কি লিটন সেই প্রত্যাশা পূরণ করতে? তার রানে ফেরা যে দলের জন্য বড় প্রয়োজন।



