আইসিসির র‍্যাঙ্কিং হালনাগাদ, সুখবর এনে দিলেন নারীরা

এই হালনাগাদে সবচেয়ে বড় লাফ দিয়েছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট পাওয়ায় নিউজিল্যান্ডের সাথে তাদের ব্যবধান ১৩ থেকে কমে চারে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

বার্ষিক র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তবে সব ফরম্যাট নয়, পুরুষদের টেস্ট ও মেয়েদের ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে সংস্থাটি।

আগামী ৫ মে পুরুষ ও নারীদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিং এবং ৭ মে পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি।

সদ্য ঘোষিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে অপরিবর্তিত নাজমুল হোসেন শান্তদের অবস্থান। ৬৭ পয়েন্ট নিয়ে ৯ নম্বরেই রয়েছে টাইগাররা। আর শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া।

র‍্যাঙ্কিংয়ের এই নতুন হিসাবে ২০২৫ সালের মে থেকে খেলা সব ম্যাচের ফলাফলকে শতভাগ এবং এর আগের দুই বছরের ফলাফলকে ৫০ শতাংশ হিসেব করা হয়েছে।

নতুন এই সমীকরণে পুরুষদের টেস্টে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১৩১ এবং দক্ষিণ আফ্রিকার ১১৯।

বড় পরিবর্তন এসেছে পরের অবস্থানগুলোতে; ৭ রেটিং পয়েন্ট হারিয়ে চারে স্থানে নেমে গেছে ইংল্যান্ড (১০২)। তাদের টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত (১০৪)।

মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ইংল্যান্ডের ঠিক পরেই (পঞ্চম) অবস্থান করছে নিউজিল্যান্ড। লাল বলের ক্রিকেটের‍ র‌াঙ্কিয়ে বড় এক লাফ দিয়েছে পাকিস্তান (৮৯)। শ্রীলঙ্কাকে (৮৬) টপকে তারা এখন ষষ্ঠ অবস্থানে।

ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারের হিসাব বাদ পড়া এবং ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের গুরুত্ব অর্ধেক হয়ে যাওয়ায় র‌্যাঙ্কিংয়ে প্রভাব পড়েনি পাকিস্তানের।

নির্দিষ্ট সময়ে ন্যূনতম ৮টি ম্যাচ না খেলায় র‍্যাঙ্কিং থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। র‍্যাঙ্কিংয়ে পুনরায় ফিরতে আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে আগামী এক বছরের মাঝে অন্তত দুটি করে টেস্ট খেলতে হবে।

টেস্টে অনড় বাংলাদেশকে সুখবর এনে দিয়েছে নারী দল। পাকিস্তানকে টপকে নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতিরা।

নারী ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার রেটিং ৪ পয়েন্ট কমলেও ১৬৩ রেটিং নিয়ে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে।

এদিকে তিনে থাক ভারতের সাথে ব্যবধান বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড; ১২৮ রেটিং নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। তালিকার পরবর্তী অবস্থানে আছে ভারত (১২৪), দক্ষিণ আফ্রিকা (১০০)।

এ ছাড়া নিউজিল্যান্ড (৯৩) ও ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট (৮৯)। ৭৩ পয়েন্ট নিয়ে সাথে বাংলাদেশ।

এই হালনাগাদে সবচেয়ে বড় লাফ দিয়েছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট পাওয়ায় নিউজিল্যান্ডের সাথে তাদের ব্যবধান ১৩ থেকে কমে চারে দাঁড়িয়েছে।