ফুটবলের দেশ হিসেবে ব্রাজিল বিশ্বজুড়ে পরিচিত হলেও এবার ক্রিকেট মাঠে এক অবিশ্বাস্য কীর্তি গড়লেন দেশটির এক নারী ক্রিকেটার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের সব রেকর্ড ওলটপালট করে দিয়ে একাই নয় উইকেট শিকার করেছেন পেসার লরা কারদোসো (২১)।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে নারী বা পুরুষ; কোনো বিভাগেই এর আগে কেউ এক ইনিংসে আটটির বেশি উইকেট নিতে পারেননি। বতসোয়ানায় অনুষ্ঠিত ‘বিসিএ কালাহারি ক্রিকেট টুর্নামেন্টে’ লেসোথোর বিপক্ষে এই ইতিহাস গড়েন কারদোসো।
ম্যাচে মাত্র তিন ওভার বোলিং করে চার রান খরচায় তিনি তুলে নেন নয়টি উইকেট। তার এই বিধ্বংসী বোলিংয়ের সামনে লেসোথোর ব্যাটাররা যেন ক্রিজে আসছিলেন আর যাচ্ছিলেন।
লেসোথোর ইনিংসের দ্বিতীয় ওভার থেকেই শুরু হয় কারদোসোর তাণ্ডব। ওভারের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে প্রথমে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এরপর নিজের পরের ওভারের (ইনিংসের চতুর্থ ওভার) প্রথম দুই বলে আরো দু’টি উইকেট শিকার করেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বিরল ‘টানা পাঁচ বলে পাঁচ উইকেট’ নেয়ার কীর্তি গড়েন এই ব্রাজিলিয়ান অলরাউন্ডার। ওই ওভারেই তিনি আরো দু’টি উইকেট নেন। অর্থাৎ মাত্র দুই ওভার বোলিং করেই তার ঝুলিতে জমা হয় সাতটি উইকেট।
এরপর পাওয়ার প্লের শেষ ওভারে আরো দুই উইকেট তুলে নিয়ে নিজের নয় উইকেটের কোটা পূর্ণ করেন এবং ক্রিকেট ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেন।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এতদিন সেরা বোলিংয়ের রেকর্ডটি ছিল ভুটানের সোনাম ইয়েশের (আট উইকেট)। আর নারী ক্রিকেটে রেকর্ডটি ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়ার (সাত উইকেট)। লরা কারদোসো এই দু’জনকেই ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন।
এর আগে, টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০২ রান করেছিল ব্রাজিল। দলের পক্ষে মনিকে মাচাদো ৪১ বলে ৬৯ রান এবং রবার্টা এভেরি ৩৫ বলে ৪৮ রান করেন।
২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে লরা কারদোসোর তোপে লেসোথোর ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩ রানে। ব্রাজিল ১৮৯ রানের বিশাল ব্যবধানে জয় পায়।



