পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠে এলো বাংলাদেশ ক্রিকেট দল।
মঙ্গলবার (৫ মে) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে দলগুলোর শতভাগ পারফরম্যান্স এবং আগের দুই বছরের পারফরম্যান্স শতকরা ৫০ ভাগ করে বিবেচনায় নেয়া হয়েছে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ। ২২৫ রেটিং আছে টাইগারদের। এক রেটিং বেড়েছে বাংলাদেশের।
ছয় রেটিং হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের সর্বমোট রেটিং ২২১। মূলত লঙ্কানরা রেটিং হারানোয় অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষ সাতটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ২৭৫ রেটিং নিয়ে শীর্ষে আছে টিম ইন্ডিয়া।
এরপর দ্বিতীয় থেকে সপ্তম স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ড (২৬২ রেটিং), অস্ট্রেলিয়া (২৫৮ রেটিং), নিউজিল্যান্ড (২৪৭ রেটিং), দক্ষিণ আফ্রিকা (২৪৪ রেটিং), পাকিস্তান (২৪০ রেটিং) ও ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ রেটিং)।
২২০ রেটিং নিয়ে আফগানিস্তান দশম, ২০২ রেটিং নিয়ে জিম্বাবুয়ে ১১তম ও ১৯৯ রেটিং পাওয়া আয়ারল্যান্ড আছে ১২তম স্থানে।
ছয় রেটিং বেড়ে যাওয়ায় দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে যুক্তরাষ্ট্র।
সূত্র : বাসস



