বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

‘লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিং এবং শেষদিকে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের অবিচল জুটি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে।‘

নয়া দিগন্ত অনলাইন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক |ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের দুর্দান্ত জয় এবং একইসাথে প্রথমবারের মতো ঐতিহাসিক ওয়ানডে সিরিজ নিশ্চিত করায় এই অভিনন্দন জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলের বিপক্ষে আমাদের ছেলেদের এই ঐতিহাসিক সিরিজ জয় সমগ্র জাতির জন্য অত্যন্ত গৌরব ও আনন্দের। বৃষ্টির বাধা ও নানা প্রতিকূলতা পেরিয়ে মাঠে ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতা ও টিম স্পিরিট দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।’

ক্রিকেটারদের পারফরম্যান্সের প্রশংসা করে আমিনুল হক বলেন, ‘ম্যাচের শুরুতেই তাসকিন আহমেদের গতি ও মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত বোলিং অস্ট্রেলিয়াকে চেপে ধরতে সাহায্য করেছে। সেইসাথে ৩টি করে উইকেট নিয়ে তারা জয়ের শক্ত ভিত্তি গড়ে দেন।’

তিনি আরো বলেন, ‘লক্ষ্য তাড়া করতে নেমে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দায়িত্বশীল ব্যাটিং এবং শেষদিকে তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের অবিচল জুটি বাংলাদেশকে কাঙ্ক্ষিত জয় এনে দিয়েছে।‘

প্রতিমন্ত্রী আরো উল্লেখ করেন, ‘এই দুর্দান্ত জয় প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকেই হারানো সম্ভব।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে এবং দেশের ক্রিকেটকে তারা আরো উঁচুতে নিয়ে যাবে।

তিনি দলের সকলের ভবিষ্যৎ সাফল্য ও সু-স্বাস্থ্য কামনা করেন।

সূত্র : বাসস