হার দিয়ে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ শুরু করেছে বাংলাদেশ ইমার্জিং দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (১ আগস্ট) স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল।
প্রিটোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসার দায়ান গালিমের তোপে পড়ে ৩০.২ ওভারে ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ ইমার্জিং দল।
দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার মাহফিজুল ইসলাম। তার ৭৩ বলের ইনিংসে পাঁচটি বাউন্ডারি মারেন তিনি।
এছাড়া, আমিনুল ইসলাম বিপ্লব ১১ ও সামিউন বাশির ১০ রান করেন। দলের আর কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পায়নি। অতিরিক্ত থেকে ১১ রান আসে।
দক্ষিণ আফ্রিকার গালিম ৮ দশমিক ২ ওভার বল করে ১৮ রানে ৫ উইকেট নেন। এছাড়া আন্দিলে মোগাকানে দু’টি এবং বায়ান্দা মাজোলা-জানকো স্মিত ও ক্যালেব সেলেকা একটি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই প্রোটিয়াদের উইকেট শিকার করেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন।
পাওয়ার প্লের শেষ হবার আগে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় উইকেটের পতন হয়। ড্যানিয়েল স্মিথকে ২২ রানে শিকার করেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। কিছুক্ষণ পর মোদিরি লিথেকোকে ১৪ রান থামান রিজওয়ান। ফলে ৩৭ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।
চতুর্থ উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের বন্দরে পৌঁছে দেন রিচার্ড সেলেৎসওয়ানে এবং মিচেল ভ্যান বুরেন।
সেলেৎসওয়ানে ৪০ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৫ এবং বুরেন ২২ বলে দু’টি চারে ১৮ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে রিজওয়ান দু’টি এবং ইমন একটি উইকেট শিকার করেন।
আগামী ৩ আগস্ট নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালের টিকিট পাবে। ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ত্রিদেশীয় সিরিজের পর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিরুদ্ধে দু’টি চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল।
১৬ থেকে ১৯ আগস্ট পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে প্রথম চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ থেকে ২৬ আগস্ট বেনোনির উইলোমুর পার্কে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলবে দু’দল। বাসস



