পাকিস্তানের সাথে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্তে স্থির ভারত

ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, দ্বিপক্ষীয় সিরিজের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে অনুষ্ঠেয় কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। পাকিস্তানকেও ভারতে এসে খেলার অনুমতি দেবে না।

নয়া দিগন্ত অনলাইন
সহসাই দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাবে না দুই দলকে
সহসাই দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাবে না দুই দলকে |ফাইল ছবি

দীর্ঘ দিন ধরেই ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট-সহ কোনো খেলাধুলাতেই দ্বিপক্ষীয় সিরিজ হয় না। অদূর ভবিষ্যতেও যে হবে না, সেই সিদ্ধান্ত জানিয়ে দিলো ভারত।

বুধবার (৬ মে) ভারতীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে কোনো ধরনের দ্বিপক্ষীয় সিরিজ আগামীতে হবে না।

তবে ভারতে অনুষ্ঠেয় কোনো বহুপাক্ষিক প্রতিযোগিতায় পাকিস্তানের ক্রীড়াবিদরা খেলতে এলে বাধা দেয়া হবে না বলেও জানিয়েছে দেশটির সরকার।

ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদেশের ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং টেকনিক্যাল কর্মীদের ক্ষেত্রে ভিসা পাওয়ার প্রক্রিয়া আরো সহজ করা হবে। ভারতকে ‘পছন্দের ক্রীড়াক্ষেত্র’ হিসেবে তুলে ধরতেই এই পদক্ষেপ।

ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, দ্বিপক্ষীয় সিরিজের ক্ষেত্রে ভারতীয় দল পাকিস্তানে অনুষ্ঠেয় কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। পাকিস্তানকেও ভারতে এসে খেলার অনুমতি দেবে না।

ক্রীড়া মন্ত্রণালয় আরো জানায়, ভারত বা বিদেশে অনুষ্ঠেয় আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক প্রতিযোগিতায় আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা এবং ভারতের ক্রীড়াবিদদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে। তেমনই পাকিস্তানের দল বা ক্রীড়াবিদ রয়েছেন এমন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে ভারতীয় দল এবং ক্রীড়াবিদরা।