১২০ রানে এগিয়ে মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতিতে বাংলাদেশ ২ উইকেটে ৯৩ রান তুলে মোট ১২০ রানে এগিয়ে আছে। ওপেনাররা দ্রুত ফিরলেও মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অবিচ্ছিন্ন ৭০ রানের জুটিতে ম্যাচে শক্ত অবস্থানে আছে টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
মমিনুল হক
মমিনুল হক |সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত ৮ উইকেট হাতে নিয়ে ১২০ রানে এগিয়ে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৭ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান করেছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ২ ও সাদমান ইসলাম শূন্য হাতে দিন শেষ করেছিলেন।

সোমবার চতুর্থ দিন জয় ব্যক্তিগত ৫ রানে পাকিস্তানের পেসার মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর আউট হন।

বড় ইনিংস খেলতে এবারও ব্যর্থ হন সাদমান। ১০ রান করে পাকিস্তানের আরেক পেসার হাসান আলির শিকার হন তিনি।

২৩ রানে ২ উইকেট পতনের পর জুটি বাঁধেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ১২২ বলে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে প্রথম সেশন শেষ করেন মমিনুল ও শান্ত।

মমিনুল ৩টি চারে ৩৭ এবং শান্ত ৪টি বাউন্ডারিতে ৩৪ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের আব্বাস ও হাসান ১টি করে উইকেট নেন।