মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ লিটনের

লিটন দাস পাকিস্তানের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করে তা নিজের মেয়ে আনায়রা দাসকে উৎসর্গ করেছেন। মেয়ের প্রার্থনা ও বিশ্বাসের কথা জানিয়ে লিটন বলেন, ভবিষ্যতেও তাকে আরো অনেক সেঞ্চুরি উপহার দিতে চান।

নয়া দিগন্ত অনলাইন
লিটন দাস ও আনায়রা দাস
লিটন দাস ও আনায়রা দাস |সংগৃহীত

ক্রিকেট কিছু ইনিংস আছে যার সংজ্ঞা হয় না, তা কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় না। লিটন দাস সিলেটে গতকাল শনিবার যা করেছেন, তারও কোনো উপমা হয় না। লিওনার্দো দ্য ভিঞ্চি যেভাবে এঁকেছিলেন মোনালিসা, যা সবার থেকে আলাদা- তেমনি লিটনের এই ইনিংসটাও অন্য সবকিছু থেকে ভিন্ন। অনেক সেঞ্চুরির ভিড়ে এই শতকটা হয়ে থাকবে অনেক বেশি স্পেশাল।

কারণ এই সেঞ্চুরিটা ছিল তার মেয়ের জন্য। ক্যারিয়ারের অন্যতম সেরা এই শতকটি লিটন উৎসর্গ করেছেন তার ছোট্ট রাজকন্যা আনায়রা দাসকে। এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছেন লিটন নিজেই।

শনিবার সিলেটে পাকিস্তানের বিপক্ষে ১২৬ রানের দুঃসাহসিক ইনিংস খেলার পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লিটন লেখেন, ‘শতকটি উৎসর্গ করলাম আমার রাজকন্যা আনায়রা দাসকে।’ এরপর তিনি আরো যোগ করেন, ‘একবার এক পূজার আনুষ্ঠানিকতার সময় ও ওর মাকে জিজ্ঞেস করেছিল, ঈশ্বরের কাছে কী প্রার্থনা করা উচিত। আমার স্ত্রী তখন ওকে বলেছিল, “তোমার বাবার সেঞ্চুরির জন্য প্রার্থনা করো।” সেই থেকে ও ভগবানের কাছে শুধু আমার সেঞ্চুরির জন্যই প্রার্থনা করে আসছে।’

লিটন আরো তুলে ধরেন ম্যাচের আগে তার স্ত্রী ও মেয়ের মধ্যকার মধুর কথোপকথনের একাংশ। লিখেন, ‘আজ ম্যাচের আগেও ওর মা ওকে জিজ্ঞেস করেছিল, “বাবা আজ কী করবে?’ একটুও না ভেবে ও সাথে সাথে উত্তর দেয় “সেঞ্চুরি।” এমনকি ও আজ টিভিতে ম্যাচটি দেখেছে এবং হেলমেটে থাকা বাংলাদেশের পতাকায় আমার চুমু খাওয়ার দৃশ্যটি ও ভীষণ পছন্দ করেছে।’

মেয়ের সেই সরল চাওয়া আর অটল বিশ্বাসের মর্যাদা দিতে পেরে একজন বাবা হিসেবে লিটনের বুকটা আজ যেন গর্বে ভরে উঠেছে। তবে থামছেন না লিটন, মেয়েকে আরো অনেক খুশির মুহূর্ত এনে দিতে চান তিনি।

লিটন বলেন, ‘আমার ছোট্ট রাজকন্যা, এই সেঞ্চুরিটি শুধু তোমারই জন্য। আশা করি, আগামী বছরগুলোতে তোমাকে এমন আরো অনেক সেঞ্চুরি উপহার দিতে পারব।’