যদি জিজ্ঞেস করা হয়, গতকাল ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল কোনটি? নিঃসন্দেহে সবার উত্তর হবে নাথান স্মিথের বলে ‘নো লুক’ শটে শামীম হোসেনের ছক্কাটি।
ক্রিজে গিয়ে তৃতীয় বলেই ওই শট খেলেন বাঁহাতি ব্যাটসম্যান, যেটিকে আসলে পুল-হুক-স্কুপের মাঝামাঝি কিছু বলা যায়। চোখের পলকে কিপারের পেছন দিয়ে সেটি ছক্কা হয়ে যায়।
হৃদয়ের মতে, এই ধরনের শট বাংলাদেশে কেবল শামীমই খেলতে পারেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেন জয়ের নায়ক তাওহীদ হৃদয়।
গতকাল সোমবার চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৮২ রান তাড়ায় ২ ওভার হাতে রেখেই জয় পায় টাইগাররা। যেখানে বড় কৃতিত্ব শামীম পাটোয়ারীর।
দলের প্রয়োজনের মুহূর্তে উইকেটের চারপাশে নানা ধরণের শট খেলে ১৩ বলে ৩১ রান করেন শামীম। হৃদয়কে নিয়ে ২১ বলে ৪৯ রান যোগ করে নিশ্চিত করেন দলের জয়।
ম্যাচ শেষে শামীমের সেই ছক্কা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘আমি তো অনেক উপভোগ করি ওর ব্যাটিং। কারণ ও এমন এমন শটস খেলে, যেটা আমাদের কম ব্যাটসম্যানই আছে যে ওরকম খেলতে পারে।’
‘ছয় নম্বর পজিশনে এরকম ক্রিকেটারই দরকার যে, যেকোনো সময় রান করে দিতে পারবে। বোলাররাও অনেক চাপে থাকে ব্যাটসম্যান এরকম শটস খেললে।’
তিনি বলেন, যে ছক্কা ও মেরেছে, আপনি যদি খেয়াল করে দেখেন এরকম ছক্কা আমরা খুব কমই মারতে পারি। অবশ্যই দোয়া করি যেন ধারাবাহিকভাবে আরো ভালো কিছু করে।



