লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা হচ্ছে না লিটন দাসের। জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটারের এলপিএল খেলার অপেক্ষার অবসান হলো শুরু হওয়ার আগেই। চোটের কারণে আসন্ন আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
এলপিএলের দল গল গ্যালান্টস ড্রাফটে লিটনকে দলে ভিড়িয়েছিল। টুর্নামেন্টে অংশ নিতে বিসিবির অনাপত্তিপত্রও পেয়েছিলেন তিনি। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব না দিয়ে এলপিএলে খেলার পরিকল্পনাও ছিল তার।
কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোটের কারণে প্রথমে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান লিটন। পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি। শেষ পর্যন্ত একই চোটের কারণে এলপিএল থেকেও সরে দাঁড়াতে হলো তাকে।
আগামী ১৭ জুলাই শুরু হবে শ্রীলঙ্কার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ। ৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর। শুরুতে বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের খেলার কথা থাকলেও লিটনের সরে দাঁড়ানোয় সেই সংখ্যা কমে দাঁড়াল চারে।
এবারের এলপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নিয়েছিল জাফনা কিংস।



