পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ টেস্ট দলের সবচেয়ে সফল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অধীনেই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবার সাতে উঠে আসে টাইগাররা।
এবার অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করলেন নাজমুল হোসেন শান্ত। গতকাল মঙ্গলবার পাকিস্তানকে ১০৪ রানে হারানোর মধ্য দিয়ে এই কীর্তি গড়েন তিনি।
অধিনায়ক হিসেবে এটি শান্তর সপ্তম টেস্ট জয়। সমান সাতটি জয় আছে মুশফিকুর রহিমেরও। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশকে ৩৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে সাতটি জয় এনে দেন মুশফিক।
অন্যদিকে শান্ত এই রেকর্ড স্পর্শ করেছেন মুশফিকের অর্ধেক ম্যাচ খেলেই। তিনি সাত জয়ের দেখা পেয়েছেন মাত্র ১৭ ম্যাচে। এই সময়ে আছে একটি ড্রও।
নেতৃত্ব পাওয়ার পর ২০২৩ সালের ডিসেম্বরে শান্তর নেতৃত্বে প্রথম টেস্ট জয় বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারায় স্বাগতিকেরা।
এরপর ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতে তারা।
গত বছরের এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারায় বাংলাদেশ। আর নভেম্বরে সিলেটে ইনিংস ও ৪৭ রানে ও মিরপুর টেস্টে ২১৭ রানে আয়ারল্যান্ডকে হারায় টাইগাররা।
শান্ত ও মুশফিক ছাড়া আর কোনো অধিনায়কের নেতৃত্বে পাঁচটি টেস্টও জেতেনি বাংলাদেশ। ১৯ টেস্ট খেলে সাকিব আল হাসানের অধীনে চারটি ও মমিনুল হকের অধিনায়কত্বে ১৭ টেস্টে বাংলাদেশের জয় তিনটি।



