বাংলাদেশ সফর নিয়ে অনড় অবস্থানে ভারতীয় ক্রিকেট বোর্ড

পরিস্থিতি বদলালেও বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান বদলায়নি।

নয়া দিগন্ত অনলাইন
ভারত সরকারের নীতি ও নির্দেশনাই অনুসরণ করবে বিসিসিআই
ভারত সরকারের নীতি ও নির্দেশনাই অনুসরণ করবে বিসিসিআই |ফাইল ছবি

বাংলাদেশের সাথে বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণে গত বছর বাংলাদেশে নির্ধারিত সাদা বলের সফর স্থগিত করেছিল ভারত। তবে আগের সেই পরিস্থিতি এখন আর নেই। তবে সেই সিরিজ নিয়ে শঙ্কা কাটেনি।

বর্তমানে বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব পালন করছে। একই সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

তবে পরিস্থিতি বদলালেও বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজনের ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের অবস্থান বদলায়নি। এ বিষয়ে ভারত সরকারের নীতি ও নির্দেশনাই অনুসরণ করবে তারা।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিসিসিআইর কোনো মাথাব্যথা নেই।

বাংলাদেশের এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান বদলাবে কি না; এমন প্রশ্নের জবাবে সাইকিয়া বলেন, ‘বিসিসিআই একটি ক্রিকেট পরিচালনাকারী সংস্থা। অন্য দেশের রাজনৈতিক পরিস্থিতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘দ্বিপক্ষীয় বা বহুজাতিক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে ভারত সরকার যে নীতি অনুসরণ করে, বিসিসিআইও সেটিই মেনে চলে। ফুটবল, অ্যাথলেটিকস কিংবা অন্য যেকোনো ক্রীড়া ফেডারেশনের মতো আমরাও সরকারের নির্দেশনা অনুসরণ করি।’

বাংলাদেশের সরকার কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, সেটিও বিসিসিআইর বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন সাইকিয়া।

তিনি বলেন, ‘কোনো দেশে গণতান্ত্রিক, অগণতান্ত্রিক কিংবা স্বৈরাচারী সরকার রয়েছে কি না, সেটা আমাদের বিষয় নয়। আমাদের কাজ ক্রিকেট পরিচালনা করা। কোনো বিদেশ সফর সূচিতে থাকলে আমরা পরিকল্পনা ও সময়সূচি অনুযায়ী এগোব।’