বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া। শুরু ধাক্কা সামলে উঠেছে দলটা। ম্যাট রেনশ ও টিম ডেভিড ব্যাটহাতে শাসন করছেন সাকলায়েন—রিশাদদের। ১২ ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে দলের রান।
অবশ্য শুরুটা বাংলাদেশের অনুকূলেই ছিল। পাওয়ার প্লেতে ৪৪ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা। নাহিদ রানা-নাসুমরা চেপে ধরেন অজিদের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ফেরেন জশ ইংলিস। ৬ বলে ১১ রান করে আউট হন তিনি। এরপর নাহিদ ফেরান কোপার কনোলিকে।
তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির পর প্রথম টি–টুয়েন্টিতে করেছিলেন ৪৭ রান। তবে দ্বিতীয় ম্যাচে ১ রানে নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দেন কনোলি। ৩৪ রানে ২ উইকেট হারায় অজিরা।
পরের উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১৯ বলে ২০ রান করা অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শকে ফেরান তিনি। এরপরই ম্যাট রেনশ ও টিম ডেভিড হাল ধরেন।
১৩ ওভারে দু’জনের জুটিতে ৩ উইকেটে ১২২ রান করেছে অজিরা। ৪০ বলে ৭৫ রান এসেছে যুগলবন্দীতে। ফিফটি তুলে ২৯ বলে ৫২ রানে ব্যাট করছেন রেনশ, ১৯ বলে ৩২ রানে আছেন ডেভিড।



