খুশদিল

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আম্পায়াররা ভারতের পক্ষপাতিত্ব করে

‘দু’দেশের ম্যাচে আম্পায়াররা সবসময়ই ভারতকে সাহায্য করেন। সে কারণেই সাম্প্রতিককালে পাকিস্তান সাফল্য পায়নি।’

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

ভারত-পাকিস্তান ম্যাচ হলে উত্তেজনা স্বাভাবিকভাবেই বেশি থাকে। শুধু সমর্থক নয়, ক্রিকেটারদের মধ্যেও চাপা উত্তেজনা বিরাজ করে। দু’পক্ষই একে অপরকে টেক্কা দিতে মরিয়া থাকে। তবে পাকিস্তানি ক্রিকেটার খুশদিল শাহর মতে, দু’দেশের ম্যাচে আম্পায়াররা সবসময়ই ভারতকে সাহায্য করেন। সে কারণেই সাম্প্রতিককালে পাকিস্তান সাফল্য পায়নি।

রোববার (৭ জুন) একটি সংবাদমাধ্যম জানায়, পাকিস্তানের একটি পডকাস্টে সতীর্থ আব্বাস আফ্রিদির সাথে বসে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা করছিলেন খুশদিল। সেখানেই তিনি ভারতের প্রতি আম্পায়ারদের পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন।

খুশদিল বলেন, ভারতের বিরুদ্ধে খেলার আবেগ সবসময়ই বাকি ম্যাচগুলোর থেকে বেশি থাকে। ওই ম্যাচের পর চাপ হালকা হয়ে যায়। আমরা যখন খেলেছি তখন ভারতকে বেশ কয়েকবার হারিয়েছি। তবে প্রায়শই কিছু জিনিস ওদের পক্ষে যেত। আম্পায়ারদের সিদ্ধান্ত ভারতের পক্ষে থাকত। সাজঘরের সিদ্ধান্তও ভারতের দিকে যেত। এমনকি ম্যাচও খেলা হত ওদের ইচ্ছানুযায়ী।

খুশদিলের মতে, এত বিষয় তাদের বিপক্ষে যাওয়ার পর পাকিস্তান জিতলে খুবই ভালো লাগত। বিষয়টা তারা উপভোগ করতেন।

উল্লেখ্য, শেষ পাঁচটি ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সব জায়গাতেই জিতেছে। পাকিস্তান শেষবার জিতেছিল ২০২২ এশিয়া কাপের সুপার ফোরে।