প্রথম দুই ম্যাচেই বল হাতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। শুরুতেই তুলে নিয়েছিল স্বাগতিকদের বেশ কয়েকটি উইকেট। তবুও জিম্বাবুয়ের সাথে জিততে পারেনি বাংলাদেশ। হাতছাড়া হয়েছে সিরিজ।
ফলে সিরিজের শেষ ম্যাচে এসে একই সাফল্য খুব বেশি আশান্বিত করছে না এখন আর। তবে মান বাঁচাতে চেষ্টা করছে টাইগাররা। হারারেতে চেপে ধরেছে জিম্বাবুয়েকে, তুলে নিয়েছে ৪ উইকেট।
টসে হেরে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। আগের ম্যাচে সেঞ্চুরি করা বেন কারান ফেরেন দুই অঙ্ক না ছুঁয়েই, ১৩ বলে ২ করে শরীফুলের শিকার হন তিনি।
পরের ওভারেই আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ফেরান তাসকিন আহমেদ। ১৯ বল খেলে ৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ১৭ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।
১৩তম ওভারে পতন হয় তৃতীয় উইকেটের। উইকেটে ছটফট করতে থাকা ক্রেইগ আরভিন ২০ বল খেলে ৫ রান নিয়ে শরীফুলের দ্বিতীয় শিকার হন। দলের রান তখন মাত্র ২৭।
এরপর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল জিম্বাবুয়ে। কিন্তু বোলিংয়ে ফিরে তাসকিন ভেঙে দেন সেই জুটি। ২৭তম ওভারে ফেরান কাইয়াকে।
৫১ রানের জুটি ভেঙে কাইয়া ফেরেন ৬৭ বলে ২৫ করে। তবে মাধেভেরে ব্যাট করছেন সাচ্ছন্দ্যে। ২৯ ওভার শেষে মাঠে আছেন ৪৬ বলে ৪৩ রান নিয়ে। ২ রানে অপরাজিত সিকান্দার রাজা। জিম্বাবুয়ের সংগ্রহ ৯৩/৪।



