ক্রিকেটে কীর্তির শেষ নেই ভারতের। নানা সময়ে নানান রেকর্ড গড়ে আলোচনায় আসে দলটা। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি আরো একটি অনন্য রেকর্ড গড়েছে ভারত। যা নেই অন্য আর কারো।
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ২০০ বা তার বেশি রান করার বিশ্বরেকর্ড নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া।
শনিবার (২৫ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল ভারতের জন্য ইতিহাস গড়ার মঞ্চ। চলতি ২০২৬ সালে এটি ভারতের নবমবারের মতো ২০০ বা তার বেশি রান করার কীর্তি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এর আগে কোনো দল এক ক্যালেন্ডার বছরে এতবার ২০০ ছাড়াতে পারেনি। আগের রেকর্ডটিও ছিল ভারতেরই। ২০২৪ সালে ২৬ ম্যাচে তারা ৮ বার ২০০-এর বেশি রান করে।
এবার মাত্র ২৩ ম্যাচেই নবমবারের মতো দুই শতাধিক রান তুলে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে নতুন উচ্চতায় নিয়ে গেল।
চলতি বছরে ভারতের সামনে আরো কয়েকটি সিরিজ ও ম্যাচ রয়েছে। ফলে বছর শেষ হওয়ার আগেই এই রেকর্ড আরো সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে বোলারদের ওপর চড়াও হয় ভারত। ইশান কিশান ৪৪ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে তিলক ভার্মা ২৯ বলে অপরাজিত ৬০ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭.৫ ওভারে মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ৯০ রানের দাপুটে জয় তুলে নেয় ভারত।
এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে শ্রেয়াস আইয়ারের দল। ম্যাচসেরার পুরস্কার ওঠে ইশান কিশানের হাতে।



