টেস্ট খেলা আমার পক্ষে কঠিন : রশিদ খান

রশিদ খানের মতে, বেশিদিন ক্রিকেট খেলার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
আফগান স্পিনার রশিদ খান
আফগান স্পিনার রশিদ খান |ফাইল ছবি

লাল বলের ক্রিকেট (টেস্ট) থেকে অবসর নিতে পারেন আফগান স্পিনার রশিদ খান। তিনি বলেছেন, ‘লাল বলের ক্রিকেট খেলা আমার পক্ষে কঠিন। আমার চিকিৎসক বলেছেন, লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে।’

বুধবার (৮ এপ্রিল) আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ জেতানো স্পেল করেন রশিদ। ম্যাচ শেষে নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে মুখ খোলেন আফগানিস্তানের ক্রিকেটার। সেখানেই তিনি একথা বলেন।

রশিদ খানের মতে, বেশিদিন ক্রিকেট খেলার স্বার্থেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চলতি বছর জুন মাসে ভারতের বিরুদ্ধে একটি টেস্ট খেলার কথা আফগানিস্তানের। কিন্তু রশিদ হয়তো সেই ম্যাচে খেলবেন না। পিঠের অস্ত্রোপচারের পর টেস্ট খেলেছিলেন রশিদ। কিন্তু তারপরই চিকিৎসকের ধমক খান রশিদ।

তিনি বলেন, আমি অস্ত্রোপচারের পরও টেস্ট খেলেছিলাম। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৭ ওভার বল করেছিলাম। সেটা দেখে চিকিৎসক বলেছিলেন, ‘তুমি কি পাগল হয়ে গেছো? যদি তোমার বেশি দিন ক্রিকেট খেলার ইচ্ছা না থাকে, তাহলে টেস্ট খেলো।’

রশিদ জানিয়েছেন, তার টেস্ট খেলতে ভালো লাগলেও শরীর সেই সুযোগ দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।

তিনি বলেন, দুই ইনিংস মিলিয়ে ৬৭ ওভার বল করেছিলাম। তারপর আবার পিঠে ব্যথা শুরু হয়েছিল। চিকিৎসক বললেন, ‘তোমার এটা করা উচিত হয়নি। আবার পিঠে চোট পেলে সেরে ওঠার সম্ভাবনা কম।’ সেই কথা শুনে সিদ্ধান্ত নিই, এবার শুধু সাদা বলের ক্রিকেটই খেলব।

২০১৭ সালে টেস্ট খেলার যোগ্যতা অর্জনের পর থেকে আফগানিস্তান মোট ১২টি টেস্ট খেলেছে। তার মধ্যে ছয়টি টেস্টে খেলেছেন রশিদ। আপাতত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ তার লক্ষ্য। রশিদ বলেন, ওয়ানডে ক্রিকেট খেলতেও আমি ভালোবাসি। ৫০ ওভারের ক্রিকেট খেলতে কোনো সমস্যা নেই। শেষ দুই টেস্টে ১২৬ ওভার বল করেছি। ১২টা ওয়ানডে ম্যাচের সমান। তাই আপাতত সাদা বলেই মন দিচ্ছি।

দুই মাস বিরতির পর আইপিএল খেলতে নেমেছেন রশিদ খান। প্রথম দুই ম্যাচে তেমন ভালো বল করতে না পারলেও দিল্লির বিপক্ষে চার ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। রশিদকে দেখে বোঝা যাচ্ছে, ধীরে ধীরে ছন্দে ফিরছেন টি-টোয়েন্টিতে আইসিসি র‌্যাঙ্কিয়ের শীর্ষ বোলার।