মিরপুরে আজ বাংলাদেশ যা করল, তা তাই এক কথায় অবিশ্বাস্য বটে। ০ রানেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেন তাসকিন-মোস্তাফিজরা। ক্রিকেট ইতিহাসে যা বিরল ঘটনা।
বিশ্ব ক্রিকেট ২৩ বছর পর দেখল এমন দৃশ্য। শেষবার দেখেছিল ২০০৩ সালে। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল ০ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল। এবার কিনা সেই বাংলাদেশই উল্টা ঘটনা ঘটালো!
বিপরীতে ওয়ানডে ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া নিজেদের সুদীর্ঘ ইতিহাসে এক হাজারের বেশি ওয়ানডে ম্যাচ খেলে এই প্রথম শূন্য রানে প্রথম ৩ উইকেট হারাল।
সবচেয়ে কম রানে ৩ উইকেট হারিয়েছিল তারা ২০০৬ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে। ৫ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া।
অবশ্য ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৩ উইকেট হারিয়েছিল তারা ৬ রানে। তবে আজ যা হলো, তা হয়তো ভুলেই যেতে চাইবে অজিরা।
এদিকে এর আগে কেবল দু’বার দলটির দুই ওপেনারই আউট হয়েছিলেন ডাক মেরে। প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে।
আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটাল বাংলাদেশ। এরপর চারে নামা ম্যাট রেনশও ফেরেন ০ রানে। ০ রানে ৩ উইকেট হারানো দলটা ৪র্থ উইকেট হারায় ২৫ রানে।
মোস্তাফিজের তৃতীয় শিকার হয়ে ফেরেন অ্যালেক্স ক্যারি। শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৩ করে। তবে এরপর ধাক্কা সামলে ইনিংসটা বড় করার চেষ্টা করছিল অস্ট্রেলিয়া।
জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন মিলে জমিয়ে তুলছিলেন জুটিটা। তবে শেষ রক্ষা হয়নি, জুটি ভেঙে দিয়েছেন তানভীর। ১৮তম ওভারে এসে ফেরান অজি অধিনায়ককে।
৩৮ বলে ৩৪ করে আউট হন ইংলিশ। ১৮ ওভার শেষে ৪৩ বলে ২৩ রানে ব্যাট করছেন গ্রিন। সাথে আছেন মার্নাস লাবুশেন (১)। অজিদের রান ৫ উইকেটে ৭৫।



