ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের নানা বিষয়ে ওঠা প্রশ্ন আর সমর্থকদের ক্ষোভকে ‘বট বাহিনীর পরিকল্পিত আক্রমণ’ বলে আখ্যা দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিথুন। বিসিবি সভাপতি তামিম ইকবালও এমনটাই ধারণা করেন বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিথুন বলেন, ‘কিছুদিন ধরে শোনা যাচ্ছে একটি সংগঠিত ‘বট বাহিনী’ ক্রিকেটকে ঘিরে পরিকল্পিতভাবে নেতিবাচক মন্তব্য ছড়াচ্ছে। যার কথা কিছুদিন আগেই শুনেছি।’
তিনি বলেন, ‘তামিম ভাই নিজেও এ বিষয়ে বলেছিলেন। তাদের দিয়ে পরিকল্পিতভাবে এসব কাজ করানো হচ্ছে। তবে আমার মনে হয় না, এটা সফল হবে। কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের আবেগের জায়গা হলো ক্রিকেট।’
তিনি আরো বলেন, ‘তামিম ভাই তার প্রথম দিন সংবাদ সম্মেলনে এসেই বলেছিলেন, ক্রিকেটের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে সেটি ফিরিয়ে আনাই তার প্রথম লক্ষ্য। আসলেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ক্রিকেটারদের যে ভাবমূর্তি ছিল, এখন সেটা আগের জায়গায় নেই। আমরা বেশিরভাগই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি। সেখানে অনেকেই পুরো বিষয়টা না বুঝেই মন্তব্য করে বসে।’
কোয়াব সভাপতি বলেন, ‘কেউ একটা নেতিবাচক মন্তব্য করলেই অনেকে সেটা দেখে না বুঝেই আরেকটা নেতিবাচক মন্তব্য করে। কিন্তু সেই মন্তব্য কতটা যৌক্তিক, সেটি অনেকেই ভাবেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটা চর্চা এখন দেখা যাচ্ছে।’
তিনি আরো বলেন, ‘অনেকের কাছেই বিষয়টি পরিষ্কার যে, এগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না এই চেষ্টা সফল হবে। কারণ বাংলাদেশের মানুষ যতই কষ্ট পাক, দিন শেষে তারা আবার মাঠে আসে, খেলা দেখে, খেলোয়াড়দের সম্মান করে।’
সত্যিকারের দেশপ্রেমি ক্রিকেটারদের সমালোচনা করবে না উল্লেখ করে মিথুন বলেন, ‘যদি সত্যিই দেশপ্রেম থাকে, তাহলে ক্রিকেটকে সমর্থন করুন। ক্রিকেটকে সামনে এগিয়ে নেয়ার পথে বাধা হয়ে দাঁড়াবেন না। সম্ভব হলে সহযোগিতা করুন, আর তা না পারলে যারা ভালো কিছু করতে চায় তাদের কাজ করতে দিন। আমার মনে হয় যারা সত্যিকারের ক্রিকেট ভালোবাসে, তারা এভাবে সমালোচনা করবে না।’



