ঘরের মাঠেই আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত

টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ড সফরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারে সফরকারীরা।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের মাটিতে কোনো দলের স্বাগতিক হিসেবে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলার ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে
ভারতের মাটিতে কোনো দলের স্বাগতিক হিসেবে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলার ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে |ফাইল ছবি

আগামী সেপ্টেম্বরে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ক্রিকইনফো প্রকাশিত খবরে বলা হয়েছে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে সিরিজটি অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করা হয়নি।

ভারতের মাটিতে কোনো দলের স্বাগতিক হিসেবে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলার ঘটনা এটিই প্রথম হতে যাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই ভারতকে নিজেদের ‘হোম’ গ্রাউন্ড বানিয়ে ম্যাচ খেলে আসছে আফগানিস্তান। এর আগে লক্ষ্মৌ, দেরাদুন ও গ্রেটার নৈদায় নিজেদের হোম ম্যাচ খেলেছে আফগানরা।

গত জুনে সফরকারী হিসেবে ভারতের মাটিতে এক ম্যাচের টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছিল আফগানিস্তান।

একমাত্র টেস্ট ইনিংস ও ৩০০ রানে হেরেছিল আফগানরা। এ ছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল আফগানিস্তান।

চলতি বছরের শুরুর দিকে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেটে কোনো ম্যাচ খেলেনি আফগানিস্তান। বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে দুটিতে জিতলেও ‘সুপার এইট’-এ জায়গা করে নিতে ব্যর্থ হয় আফগানরা।

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে বাজে সময় যাচ্ছে ভারতের। আয়ারল্যান্ডের মাটিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় তারা। এরপর ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে হারে ভারত।

টি-টোয়েন্টি সিরিজ শেষে ইংল্যান্ড সফরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ভারত। ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হারে সফরকারীরা।

বর্তমানে জিম্বাবুয়ে সফরে আছে ভারত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে তারা। ইতোমধ্যে ৭ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া।