মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএল। মে মাসে পাকিস্তানের বিপক্ষে যে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, তার প্রস্তুতির জন্য মাঠে গড়াবে চার দিনের এই আসর।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস-এর সভা
ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস-এর সভা |নয়া দিগন্ত

দায়িত্ব নিয়েই মাঠে খেলা ফেরাচ্ছেন তামিম ইকবাল। সব শঙ্কা উড়িয়ে উদ্যোগ নিয়েছেন প্রিমিয়ার লিগের বল মাঠে গড়ানোর। এপ্রিল মাসের শেষ বা মে মাসের প্রথম সপ্তাহে শুরু হবে এই প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে নিয়ে সভায় বসে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

যেখানে উপস্থিত ছিলেন বিসিবির বর্তমান এডহক কমিটির প্রধান তামিম ইকবালও। প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবের মধ্যে ১০টির প্রতিনিধি উপস্থিত ছিলেন এই সভায়।

ব্যস্ততায় আসতে পারেননি লিজেন্ডস অব রুপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধি। তবে তাদেরও সভায় আলোচ্য বিষয়গুলোতে সম্মতি আছে বলে জানিয়েছেন অন্য ক্লাবের প্রতিনিধিরা।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২১ এপ্রিল থেকে শুরু হবে বিসিএল। মে মাসে পাকিস্তানের বিপক্ষে যে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, তার প্রস্তুতির জন্য মাঠে গড়াবে চার দিনের এই আসর।

এদিকে সভাশেষে শীঘ্রই প্রিমিয়ার লিগ শুরুর ব্যাপারে ইতিবাচক কথা বলেন ক্লাব প্রতিনিধিরা। জানা গেছে আগামী ২৫ এপ্রিল থেকে ৫ মে তারিখের মধ্যে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ।

এর আগে দলবদলের সম্ভাব্য সময় ২২ এপ্রিল। সেদিন নিজেদের স্কোয়াড সাজিয়ে নেবে ক্লাবগুলো। আগের আসরের মতো এবারও থাকছে না বিদেশি ক্রিকেটার।

এমনিতে সাধারণত রাউন্ড রবিন লিগের পর সুপার লিগ দিয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণ হলেও, এবার সময় স্বল্পতায় বাদ দেয়া হবে সুপার লিগ।

শুধু সিঙ্গেল লিগের ১১ ম্যাচেই নির্ধারিত হবে কোনো ক্লাবের ঘরে যাবে এবারের ট্রফি। আগের বছরগুলোতে খেলা হতো তিনটি ভিন্ন মাঠে।

ফলে এক রাউন্ডের খেলা শেষ করতে লেগে যেত দুই দিন। এবার তাই ছয়টি মাঠ ব্যবহার করে এক দিনেই একটি করে রাউন্ড শেষ করার পরিকল্পনা বিসিবির।

বসুন্ধরা স্পোর্টিং ক্লাব, পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (পিকেএসপি), সিলিকন স্পোর্টস ভ্যালি, ক্রিকেটার্স অ্যাকাডেমিতে হতে পারে এবারের লিগের খেলা।

এর বাইরে বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি রাউন্ডের মাঝে এক দিন রিজার্ভ ডে রাখার ব্যাপারেও আলোচনা হয় সভায়। তবে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে অংশ নেয়া ক্লাবগুলোর প্রাইজমানি ১৫ থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে। এর বাইরে দুপুরের খাবারও সরবরাহ করবে বোর্ড। আর ক্লাবগুলোর ক্রিকেটীয় সরঞ্জাম সিসিডিএমের পক্ষ থেকে দেয়া হবে।

এ ছাড়া মেডিক্যাল সাপোর্ট ও আইসিইউ অ্যাম্বুলেন্সের দাবিও জানিয়েছে ক্লাবগুলো।