বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ভাগ্যকে সাথে পেয়েছে জিম্বাবুয়ে। বুলাওয়েতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। খেলা শুরু বেলা সাড়ে ৪টায়।
প্রথম টি-টোয়েন্টিতে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে ফেরায় ১-১ সমতা। ফলে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি কার্যত অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।
বাংলাদেশের জন্য ম্যাচটি কেবল সিরিজ জয়ের নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজ জিতে সফর শেষ করার সুযোগ টাইগারদের।
সুযোগ কাজে লাগানোর মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচে চোট পাওয়া নাহিদ রানাকে রাখা হয়নি একাদশে। তার জায়গায় ফিরেছেন আব্দুল গাফফার সাকলায়েন।
অন্যদিকে বিশ্রামে পাঠানো হয়েছে নুরুল হাসান সোহানকে। আগের দুই ম্যাচে সুযোগ পেলেও ভালো কিছু করতে পারেননি। তার বদলে ৪ বছর পর টি-টোয়েন্টি খেলতে নামছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথম জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলবেন তিনি। উইকেট রক্ষকের ভূমিকায় থাকবেন পারভেজ ইমন।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, আ. গাফফার সাকলায়েন।



