একসময় ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি। এখন দায়িত্ব পালন করছেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর প্রধান হিসেবে। এরই মধ্যে নতুন খবর- ফের কোচিং পেশায় ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
জানা গেছে, আইপিএলের সর্বশেষ আসরে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর বড় ধরনের রদবদলের পথে হাঁটছে আইপএল দল দিল্লি ক্যাপিটালস। অক্ষর প্যাটেলের নেতৃত্বে দলটি লিগ পর্ব শেষ করেছিল ষষ্ঠ স্থানে থেকে, ফলে প্লে-অফের টিকিটও নিশ্চিত করতে পারেনি।
হতাশাজনক সেই পারফরম্যান্সের পর এবার কোচিং স্টাফে বড় পরিবর্তনের পরিকল্পনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর- তারই ধারাবাহিকতায় সৌরভ গাঙ্গুলীকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে দিল্লি।
একইসাথে ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক যুবরাজ সিংকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়ার প্রস্তুতি চলছে। যদিও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এমনকি গত দুই মৌসুমের কোচিং স্টাফের বিদায় প্রায় নিশ্চিত। প্রধান কোচ হেমাং বাদানি, বোলিং কোচ মুনাফ প্যাটেল, টিম ম্যানেজার ভেনুগোপাল রাও ও সহকারী কোচ ইয়ান বেলদের কেউই নতুন মৌসুমে দায়িত্বে থাকছেন না বলে জানা গেছে।
দিল্লি ক্যাপিটালসের এই রদবদলের পেছনে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির দুই মালিক জিএমআর স্পোর্টস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ও জিন্দাল সাউথ ওয়েস্ট স্পোর্টসের মাঝে হওয়া নতুন পরিচালনা চুক্তি।
সেই চুক্তি অনুযায়ী, দুই প্রতিষ্ঠান পালাক্রমে দুই বছর করে দলের পরিচালনার দায়িত্ব পালন করবে। ২০২৪ সালে জিন্দাল সাউথ ওয়েস্ট স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে যোগ দেন সৌরভ গাঙ্গুলী।
আর এবার তার হাতেই প্রধান কোচের দায়িত্ব তুলে দেয়া হতে পারে। দিল্লি ক্যাপিটালসের সাথে গাঙ্গুলীর সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে তিনি দলের মেন্টর হিসেবে কাজ করেছিলেন।
পরে বিসিসিআই সভাপতি হওয়ায় সেই দায়িত্ব ছাড়তে হয়। এরপর ২০২৫ সালে এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগেও দিল্লির সাথে কাজ করেছেন।
অন্যদিকে, ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক কোচিং স্টাফে যোগ দিতে যাচ্ছেন যুবরাজ সিং।
সাম্প্রতিক বছরগুলোতে শুভমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো তরুণ ভারতীয় ব্যাটারদের ব্যক্তিগত কোচ হিসেবে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেই অভিজ্ঞতাই এবার কাজে লাগাতে চায় দিল্লি ক্যাপিটালস।
আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি থাকলেও, সৌরভ গাঙ্গুলী ও যুবরাজ সিংয়ের সম্ভাব্য আগমনে দিল্লি ক্যাপিটালসের নতুন যুগ শুরু হতে যাচ্ছে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।



