আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন বেন স্টোকস

স্টোকসের বিদায়ে বড় অনিশ্চয়তায় পড়েছে ইংল্যান্ডের টেস্ট দল। এই সিরিজের আগে সর্বশেষ নয় টেস্টে দলটি জিতেছিল মাত্র দুটি ম্যাচ। ট্রেন্ট ব্রিজ টেস্ট জিততে ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে ৩০০-এর বেশি রান তাড়া করতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
বেন স্টোকস
বেন স্টোকস |সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে চলমান তৃতীয় ও শেষ টেস্ট দিয়েই শেষ হবে তার ১৫ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

তার বিদায়ের মধ্য দিয়ে শেষ হবে ২০২২ সাল থেকে শুরু হওয়া তার চার বছরের টেস্ট অধিনায়কত্বও। রোববার (২৮ জুন) সকালে ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে স্টোকস ড্রেসিংরুমে নিজের সিদ্ধান্তের কথা জানান।

এই সময় আবেগঘন বক্তব্যে তিনি সতীর্থদের উদ্দেশে বলেন, ‘আরো দুই দিন নিজেদের সর্বস্ব উজাড় করে খেলো।’ তার কথা শেষ হতেই পুরো ড্রেসিংরুম দাঁড়িয়ে করতালির মাধ্যমে বিদায়ী অধিনায়ককে সম্মান জানায়।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর স্টোকস হয়ে উঠেছিলেন ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটারদের একজন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অপরাজিত ৮৪ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেই তিনি ইংল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে নেতৃত্ব দেন।

একই বছর হেডিংলিতে অ্যাশেজে তার অপরাজিত ১৩৫ রানের ইনিংসকে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পথেও ছিল তার গুরুত্বপূর্ণ অবদান।

অধিনায়ক হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের সাথে মিলে আক্রমণাত্মক ‘বাজবল’ দর্শনের মাধ্যমে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে নতুন যুগের সূচনা করেছিলেন তিনি।

স্টোকসের বিদায়ে বড় অনিশ্চয়তায় পড়েছে ইংল্যান্ডের টেস্ট দল। এই সিরিজের আগে সর্বশেষ নয় টেস্টে দলটি জিতেছিল মাত্র দুটি ম্যাচ। ট্রেন্ট ব্রিজ টেস্ট জিততে ইংল্যান্ডকে চতুর্থ ইনিংসে ৩০০-এর বেশি রান তাড়া করতে হবে।

তা না হলে ২০১২ সালের পর প্রথমবারের মতো নিজেদের মাটিতে তিন বা তার বেশি ম্যাচের টেস্ট সিরিজ হারার তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হবে তারা।