লজ্জার হার ভুলে জয়ে ফিরল বাংলাদেশ ইমার্জিং

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ যখন ৩ উইকেটে ১৮৬, তখন বৃষ্টি নামে। পরে ডিএলএস পদ্ধতিতে ২৬ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় বাংলাদেশ ইমার্জিং দলের।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত |নয়া দিগন্ত অনলাইন

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়ে হতাশা উপহার দিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। তবে এক ম্যাচের ব্যবধানে বদলে গেল দৃশ্যপট। ব্যাট-বল দুই বিভাগেই দারুণ নৈপুণ্য দেখিয়ে ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে ডিএলএস পদ্ধতিতে ২৬ রানে হারিয়ে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

প্রিটোরিয়ায় টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার লুডভিগ শুল্ড ও জেসন মিউরহেড ১৪৮ রানের উদ্বোধনী জুটি গড়ে শক্ত ভিত এনে দেন স্বাগতিকদের। শুল্ড ৭১ বলে ৭২ রান করে আউট হওয়ার পর ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ।

এরপর বল হাতে নায়ক হয়ে ওঠেন পেসার ইকবাল হোসেন। দুর্দান্ত বোলিংয়ে ১০ ওভারে ৪৩ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। তার আঘাতে ইউনিভার্সিটি স্পোর্ট ৪৭ ওভারে ২৪৮ রানে অলআউট হয়ে যায়।

২৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতে ধাক্কা খায়। অধিনায়ক জাকির হাসান ১২, শাহাদাত হোসেন ১৮ এবং ওপেনার মাহিফজুল ইসলাম ৩৪ রান করে ফিরলে ১২.২ ওভারে ৩ উইকেটে ৮০ রান হয়ে যায় দলের।

সেখান থেকে চতুর্থ উইকেটে ১০৬ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কন। ইফতেখার ৮৬ বলে ৭১ রানের দারুণ ইনিংস খেলেন, আর অঙ্কন ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন।

৩৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ যখন ৩ উইকেটে ১৮৬, তখন বৃষ্টি নামে। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ২৬ রানে এগিয়ে থাকায় জয় নিশ্চিত হয় ইমার্জিং দলের।

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে এই জয় শুধু সিরিজে বাংলাদেশকে ফিরিয়েই আনেনি, তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দিয়েছে।