দুর্বারের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে ধূমকেতু। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে লিটন দাসের দল।
আগের ম্যাচে বড় রান পাননি তানজিদ তামিম, আজ (শুক্রবার) পারেননি রানের খাতা খুলতেও (০)। তবে লিটন দাস ও সাইফ হাসান মিলে ভালো শুরুর পথ দেখান।
২০ বলে ২৮ রান করে আউট হন সাইফ। তবে লিটন খেলতে থাকেন দেখেশুনেই। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে ইমপ্যাক্ট রাখতে পারেননি পারভেজ ইমন (১৩)।
তাওহীদ হৃদয়ও ফেরেন দ্রুত (৭)। লিটন থিতু হলেও বড় রান করতে পারেননি, ৩৭ বলে ৪৩ করে আউট হন তিনি। ১৬ ওভার শেষে স্কোর ছিল ৫ উইকেটে ১১৯ রান।
এরপর শেখ মেহেদীর ২৭ বলে অপরাজিত ৩১ রান ও শামিম পাটোয়ারীর ৮ বলে ১৭ রানে দেড় শ’ পেরোয় ধূমকেতু। ২টি করে উইকেট নেন হাসান মাহমুদ ও তানভীর।



