এশিয়ান গেমসের খেলার যোগ্যতা আগেই অর্জন করেছিল বাংলাদেশ হকি দল। এবার চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম অবস্থানে থেকে বাছাইপর্ব শেষ করল লাল-সবুজের দল।
শুক্রবার (১০ এপ্রিল) ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের জয় ৩-২ ব্যবধানে। জোড়া গোল করেন আশরাফুল ইসলাম, অন্য গোলটি মেহরাবের।
চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়েই আসর শুরু করেছিল বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কার সাথে তারা হেরে যায় ৩-২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে স্থান নির্ধারণী ম্যাচ নিশ্চিত করে বাংলাদেশ দল।
এই পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষ হলে পেনাল্টি শুটআউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। বাছাই থেকে শীর্ষ ৬ দেশ খেলবে এশিয়ান গেমসে। তবে বাংলাদেশ আসর শেষ করেছে ৫ম স্থানে থেকে। অথচ এশিয়ান কাপ হকি বাছাইপর্বের আগের আসরে রানার্স হয়েছিল বাংলাদেশ।
এদিন ম্যাচের মাত্র ৭ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। যদিও চাইনিজ তাইপে ম্যাচে সমতা আনতে দেরি করেনি, ১১ মিনিটে পেয়ে যায় গোল। ১৭ মিনিটে আশরাফুল পেনাল্টি কর্নার থেকে গোল করে আবার লিড এনে দেন দলকে। বিপরীতে চাইনিজ তাইপে আবার সমতা আনে ৩৪ মিনিটে। স্কোর তখন ২-২।
৩৮ মিনিটে মেহরাব হাসান শমিম ফিল্ড গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। বাকি সময়ে আর গোল হয়নি। বাংলাদেশ লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এবার বাংলাদেশ শিরোপার লড়াইয়ে থাকতে না পারলেও চাইনিজ তাইপেকে হারিয়ে টুর্নামেন্টের শেষটা অন্তত জয়ে রাঙিয়েছে। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের মেহরাব হাসান শামিম।



