সৌদির ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৫০ বিজয়ীর মধ্যে বাংলাদেশের ৪ জন

এবার বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে প্রথমবারের মতো নারী প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ১০২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল পুরস্কার দেয়া হয়েছে। পুরুষ ও নারী বিভাগে পাঁচটি করে মোট ১০টি গ্রুপে পাঁচজন করে সর্বমোট ৫০ জনকে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

বেলায়েত হুসাইন
বাংলাদেশ থেকে দুজন ছেলে ও দুজন মেয়ে বিজয়ী হয়েছেন
বাংলাদেশ থেকে দুজন ছেলে ও দুজন মেয়ে বিজয়ী হয়েছেন |সংগৃহীত

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন, তেলাওয়াত ও তাফসির প্রতিযোগিতার ৫০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ থেকে চারজন প্রতিযোগী বিজয়ী হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সৌদি আরবের ইসলাম, দাওয়াহ ও দিকনির্দেশনাবিষয়ক মন্ত্রী এবং স্থানীয় ও আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক শায়খ ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শায়খ বিজয়ী পুরুষ ও নারী প্রতিযোগীদের নাম অনুমোদন করেন।

এবার বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে প্রথমবারের মতো নারী প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ১০২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল পুরস্কার দেয়া হয়েছে। পুরুষ ও নারী বিভাগে পাঁচটি করে মোট ১০টি গ্রুপে পাঁচজন করে সর্বমোট ৫০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

পুরুষ বিভাগের প্রথম গ্রুপে- পূর্ণ কোরআন হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদসহ শাতিবিয়া পদ্ধতিতে সাত কিরাআতে—সৌদি আরবের আবদুর রহমান বিন মুখতার বিন আহমদ মুহাম্মদ প্রথম, সিরিয়ার আবদুল করিম রজব আগা দ্বিতীয়, কিরগিজস্তানের কাসিয়েভ রাসুল তালান্ত বেকোভিচ তৃতীয়, সৌদি আরবের আবদুল্লাহ বিন আহমদ বিন আবদুর রাজ্জাক আল-মুতাওয়া চতুর্থ এবং ক্যামেরুনের ওমর ফারুক পঞ্চম হয়েছেন।

দ্বিতীয় গ্রুপে- পূর্ণ কোরআন হিফজ, উত্তম পরিবেশনা, তাজবিদ ও কোরআনের শব্দার্থের তাফসিরে—সৌদি আরবের ওমর বিন আবদুল্লাহ বিন হামদ আস-সুবাইহ প্রথম, আলজেরিয়ার ফাত্তাল জাকারিয়া দ্বিতীয়, বাহরাইনের বদর সাঈদ হামিদ ইউসুফ মাশআল তৃতীয়, সৌদি আরবের আহমদ বিন হামিদ বিন রাশিদ আস-সুহাইলি চতুর্থ এবং নাইজেরিয়ার মুহাম্মদ মারাফা আবদুল্লাহ পঞ্চম হয়েছেন।

তৃতীয় গ্রুপে- পূর্ণ কোরআন হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদে—লিবিয়ার নাজি আতিয়্যা নাজি বিন সুলাইমান প্রথম, তিউনিসিয়ার মুহাম্মদ আল-হাদি আল-গারবি দ্বিতীয় এবং বাংলাদেশের শেখ মুহাম্মদ মাহমুদ আল-হাসান তৃতীয় হয়েছেন। এ ছাড়া যুক্তরাজ্যের উবাইদ হুসাইন চতুর্থ ও ইন্দোনেশিয়ার মুহাম্মদ হাসবি আস-সিদ্দিক পঞ্চম হয়েছেন।

চতুর্থ গ্রুপে- ১৫ পারা হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদে—বাংলাদেশের মুহাম্মদ জাকারিয়া প্রথম হয়েছেন। এ শাখায় লিবিয়ার হাম্মাম মুস্তফা আল-উবাইদ জুরাইকান দ্বিতীয়, কিরগিজস্তানের মিরবেকভ মুসা তৃতীয়, সিরিয়ার আবদুল হাদি আবদুল হালিম শেখ দিয়া চতুর্থ এবং মিয়ানমারের শাইন হতেত পঞ্চম হয়েছেন।

পঞ্চম গ্রুপে- পাঁচ পারা হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদে—মিয়ানমারের থুরিয়া নাউং প্রথম, থাইল্যান্ডের শাকির শেখ ফাসুব দ্বিতীয়, শ্রীলঙ্কার মুহাম্মদ ইমদাদ ইয়াস মুহাম্মদ তৃতীয়, মাদাগাস্কারের নাসের শানি খান চতুর্থ এবং ব্রাজিলের বারা আজ-জাইম পঞ্চম হয়েছেন।

নারী বিভাগের প্রথম গ্রুপে- পূর্ণ কোরআন হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদসহ সাত কিরাআতে—আলজেরিয়ার জুমানা শুরাইতিয়া প্রথম, সৌদি আরবের রাগাদ বিনতে হুসাইন বিন আলি আল-ফারহান দ্বিতীয়, সৌদি আরবের হিবা বিনতে মাজিদ বিন রুশদি আস-সাফাদি তৃতীয়, মিসরের ইমান জামাল ফারুক হাসান চতুর্থ এবং সিরিয়ার সুবাইহা বারগুস পঞ্চম হয়েছেন।

দ্বিতীয় গ্রুপে- পূর্ণ কোরআন হিফজ, উত্তম পরিবেশনা, তাজবিদ ও কোরআনের শব্দার্থের তাফসিরে—নাইজেরিয়ার মারইয়াম তান আজমি ইবরাহিম প্রথম, বাহরাইনের আমাতুর রহমান বাদি মুতাহহার কুলাইব দ্বিতীয়, সৌদি আরবের আমানি বিনতে শাইয়া বিন আওয়াদ আল-হুসাইকি আল-হারিসি তৃতীয়, সৌদি আরবের জয়নাব বিনতে ইবরাহিম বিন আবদুস সালাম ইদরিস চতুর্থ এবং সৌদি আরবের শুমুখ বিনতে ফায়েজ বিন হামদান আজ-জামবাকি পঞ্চম হয়েছেন।

নারী বিভাগের তৃতীয় গ্রুপে- পূর্ণ কোরআন হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদে—আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহইয়া প্রথম, ঘানার জয়নাব আবদুর রহমান দ্বিতীয় এবং বাংলাদেশের মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় হয়েছেন। মালদ্বীপের ফাতিমা শাইয়া জাহির চতুর্থ এবং কেনিয়ার ফাতহিয়া হাসান রশিদ পঞ্চম হয়েছেন।

চতুর্থ গ্রুপে- ১৫ পারা হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদে—মিয়ানমারের থিন জি মোন প্রথম, ফিলিস্তিনের রুবা শাহের ইউসুফ ইউনুস দ্বিতীয় এবং বাংলাদেশের রাবিতা বিনতে রমজান তৃতীয় হয়েছেন। ওমানের মাইসাম বিনতে আহমদ বিন মুহাম্মদ বিন সারহান আল-হাবসিয়া চতুর্থ এবং ইন্দোনেশিয়ার ফাহিমা নাজাহা আশ-শারিফা পঞ্চম হয়েছেন।

নারী বিভাগের পঞ্চম গ্রুপে- পাঁচ পারা হিফজ, উত্তম পরিবেশনা ও তাজবিদে—মাদাগাস্কারের ফানুমিজানৎসোয়া ফারিদা রাজানাজাকা প্রথম, বার্বাডোসের মারিয়া মামাদে দ্বিতীয়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের কুলতুমা কাবারো তৃতীয়, মরিশাসের হিবা বিনতে জুফার হানসা চতুর্থ এবং বসনিয়া ও হার্জেগোভিনার লায়লা বাতুরিচ পঞ্চম হয়েছেন।

উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের চার বিজয়ীর মধ্যে শায়খ মুহাম্মদ মাহমুদ আল-হাসান পুরুষ বিভাগের তৃতীয় শাখায় তৃতীয় এবং মুহাম্মদ জাকারিয়া চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন। অন্যদিকে নারী বিভাগের তৃতীয় শাখায় মুসফিরা বিনতে মাহমুদ তৃতীয় এবং চতুর্থ শাখায় রাবিতা বিনতে রমজান তৃতীয় স্থান অর্জন করেছেন।

সূত্র : এসপিএ ও অন্যান্য