নিজস্ব প্রতিবেদক
বরিশালে রিহ্যাবের এক সদস্যকে শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন এবং জোরপূর্বক স্ট্যাম্প ও চেকে স্বাক্ষর নেয়ার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
গতকাল সোমবার রাজধানীতে রিহ্যাবের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল লিখিত বক্তব্যে এ দাবি জানান।
তিনি বলেন, বরিশালে রিহ্যাব সদস্য, বাকলা ডেভেলপার্স প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এবং অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল আজিজ হাওলাদারের ওপর হামলার ঘটনা শুধু একজন উদ্যোক্তার ওপর নির্যাতন নয়, বরং দেশের নিরাপদ ও ভয়ভীতিমুক্ত ব্যবসায়িক পরিবেশের জন্যও উদ্বেগজনক।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও রিহ্যাব পর্যালোচনা করেছে বলেও জানান তিনি। ভিডিওতে দেখা দৃশ্যগুলো অত্যন্ত উদ্বেগজনক এবং কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।
এ ঘটনায় কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি অভিযোগ করেন যে, গ্রেফতার ব্যক্তিদের জামিনে মুক্ত করার চেষ্টা এবং ভুক্তভোগীর ওপর বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার অপচেষ্টা বলে উল্লেখ করে তিনি ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, দেশের আবাসন খাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং এ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থান জড়িত। পরিকল্পিত নগরায়ণ ও জাতীয় অর্থনীতিতে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আবাসন খাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।
তার মতে, ব্যবসায়িক বা আর্থিক বিরোধ থাকলে তা নিষ্পত্তির জন্য দেশে আইন ও আদালত রয়েছে। কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই আইনের বিচারের বিষয় হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও নিরাপদ ব্যবসায়িক পরিবেশ প্রতিষ্ঠার পক্ষে রিহ্যাব অতীতের মতো ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।



