বিজিবির সাথে গোলাগুলি

বড়লেখা সীমান্তে পিস্তল ও ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

Printed Edition

সিলেট ব্যুরো

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের সাথে গোলাগুলির পর বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে অস্ত্র ও মাদকসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে কুমারশাইল সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়। আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, ভারত থেকে একদল চোরাকারবারি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করছে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অবস্থান নেয়। রাত ১০টার দিকে সন্দেহভাজনদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অন্য সহযোগীরা পালিয়ে গেলেও আহত অবস্থায় বলাই দাসকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়। আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।