সরকারের প্রথম ছয় মাস ব্যর্থতার সাক্ষ্য দেয় : রেজাউল করীম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, গত ছয় মাসে শুধু গার্মেন্ট খাতেই প্রায় ২০ হাজার মানুষ বেকার হয়েছেন। প্রতিদিন গড়ে ১০ জন করে মানুষ খুন হচ্ছে, লোডশেডিং মাত্রা ছাড়িয়েছে এবং জ্বালানি সঙ্কটে দেশের স্থিতিশীলতা প্রশ্নের মুখে পড়েছে। এসব বিষয় সার্বিকভাবে সরকারের প্রথম ছয় মাস তাদের ব্যর্থতার সাক্ষ্য দেয়।

গতকাল শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি রেজাউল করীম বলেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্ব অনেক আশার বাণী শুনিয়েছিল। এক কোটি কর্মসংস্থানের অঙ্গীকার, জীবনযাত্রার মান উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু সরকার গঠনের ছয় মাস অতিক্রান্ত হলেও তাদের দেয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাওয়ার ন্যূনতম লক্ষণও প্রকাশ পায়নি। বরং বেশির ভাগ ক্ষেত্রে পরিস্থিতি আরো নাজুক হয়েছে।

তিনি বলেন, মানুষ হত্যার পর পুলিশ খুনিদের গ্রেফতার করলেও অনেক ক্ষেত্রে বিচার হয় না। নি¤œ আদালতে বিচারের রায় ঘোষণা হলেও সেই রায় কার্যকর হয় না। আদালতের অন্দরেই বিচার পথ হারায়। অথচ জনগণের প্রত্যাশা ছিল, অপরাধ সংঘটিত হওয়ার আগেই পুলিশ সক্রিয় হবে এবং অপরাধীকে নিষ্ক্রিয় করবে। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কাক্সিক্ষত মাত্রায় কার্যকর করতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, লোডশেডিং কমাতে হবে, জ্বালানি সঙ্কটের সমাধান করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। অন্যথায় মানুষের ক্ষোভ সীমা স্পর্শ করতে পারে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের ক্ষেত্রে সরকারের ভূমিকা হতাশাজনক। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি হয়েছিল। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও সেই সর্বসম্মত বিষয়টি অনুসরণ করা হয়নি। সংস্কারের অন্য বিষয়গুলোতেও সরকার বিরুদ্ধ অবস্থান নিয়েছে। তিনি বলেন, সাংবিধানিক সুযোগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের দুর্বলতার সুযোগ নিয়েই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তাই জুলাই সনদের আলোকে সংস্কার সাধন করে দেশ থেকে স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে।

সরকারকে সতর্ক করে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সরকার সংস্কার না করলে যে ভয়াবহ পরিণতির আশঙ্কা সৃষ্টি হবে, তার দায় এই সরকারকেই নিতে হবে। এ সময় সম্মেলনে কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।