পাঁচ জেলায় সড়কে প্রাণ গেল শিক্ষার্থীসহ ৫ জনের

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সাতক্ষীরা, ফেনী, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র ও এক নারী গার্মেন্ট শ্রমিকসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন এক স্কুলশিক্ষকসহ মোট ছয়জন।

সাতক্ষীরায় স্কুলশিক্ষার্থী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি ও তালা সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালায় বাসের চাকায় পিষ্ট হয়ে কুশল রায় সরদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা স্কুলশিক্ষক কানাই লাল সরদার। গতকাল সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে তালা উপজেলায় খুলনা-পাইকগাছা সড়কে শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল রায় সরদার সাতক্ষীরার উপজেলার নলতা গ্রামের কানাইলাল সরদারের ছেলে। সে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ত। আহত কানাই লাল সরদার উপজেলার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। চাকরির সুবাদে কুশলের বাবা-মা বর্তমানে চুকনগরে বসবাস করেন এবং উভয়েই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

ছাগলনাইয়ায় অটোরিকশা যাত্রী নিহত

ছাগলনাইয়া-পরশুরাম (ফেনী) সংবাদদাতা জানান, ফেনীর ছাগলনাইয়া-বক্সমাহমুদ সড়কের রৌশন ফকির মাজার সংলগ্ন এলাকায় মাটিবোঝাই পাওয়ার ট্রলির ধাক্কায় গতকাল সাহাব উদ্দিন খোকন (৫৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন নিহত সাহাব উদ্দিন খোকন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

নোয়াখালীতে খতিবের মৃত্যু

নোয়াখালী অফিস জানায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মসজিদের এক খতিব নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে এবং উপজেলা মডেল মসজিদের খতিব ছিলেন।

সিদ্ধিরগঞ্জে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক পারাপারের সময় কাভার্ড ভ্যানের চাপায় মানসুরা (২৫) নামে এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে সিদ্ধিরগঞ্জের ভুঁইগড় এলাকায় যুব উন্নয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানসুরা মুন্সিগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের সেলিম মাদবরের মেয়ে। তিনি ফতুল্লার ভুঁইগড়ের মাহমুদপুর এলাকায় স্বামী ইমন ও চার বছরের মেয়েকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী পেশায় চায়ের দোকানদার।

সালথায় নিহত ১

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের সালথা উপজেলায় গাছবোঝাই একটি নছিমন ও ইজিবাইকের সংঘর্ষে জুলহাস মাতুব্বর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলহাস মাতুব্বর উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নছিমনের চালক ছিলেন।