ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ

Printed Edition
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সেমিনারে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সেমিনারে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুলাই বিপ্লবসহ দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো: নাহিদ ইসলাম। তিনি বলেন, আন্দোলনের সঙ্কটময় সময়ে মাদরাসা শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তাদের সাহস, ত্যাগ ও আত্মদান জাতি কখনো ভুলতে পারে না।

গতকাল রাজধানীর বিএমএ ভবন মিলনায়তনে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত ‘জুলাইয়ের রক্তাক্ত জুব্বা : মাদরাসা শিক্ষার্থীদের অবদান’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ১৭ ও ১৮ জুলাই আন্দোলন যখন অনেকটাই স্তিমিত হয়ে পড়েছিল, তখন দু’টি শক্তি আন্দোলনের পুনর্জাগরণ ঘটায় মাদরাসা শিক্ষার্থী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ দেশের মানুষের অধিকার আদায়ে যুগে যুগে ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন। গত কয়েক দশক ধরে মাদরাসা শিক্ষার্থীদের জুব্বা রক্তাক্ত হয়েছে। এই জুব্বা শুধু পোশাক নয়; এটি বিদ্রোহ ও প্রতিরোধের প্রতীক। তাই সরকারের কাছে আমাদের দাবি, মাদরাসা শিক্ষার্থীদের ত্যাগকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জুলাই নিয়ে ব্যবসা করার অভিযোগ তোলা হচ্ছে; কিন্তু আমরা জুলাইয়ের যে আকাক্সক্ষার কথা বলছি, সেটি হলো রাষ্ট্রের পরিবর্তন, বৈষম্যহীন বাংলাদেশ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার। জনগণ জানে জুলাইয়ের পর সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা পেয়েছে বিএনপি। অথচ যারা ক্ষমতাহীন অবস্থায় দায়িত্ব পালন করেছে, তাদের সংস্কারের দাবিকে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।

সেমিনারে প্রধান আলোচক ছিলেন মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি ছিলেন ফরহাদ মজহার, মুসা আল হাফিজ এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন এমপি। এ ছাড়া বিভিন্ন ইসলামী সংগঠনের শীর্ষ নেতারা অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি এবং রাষ্ট্র সংস্কারের দাবি তুলে ধরেন।