আয়ারল্যান্ডে ছুরি হামলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা

Printed Edition

বিবিসি

উত্তর আয়ারল্যান্ডে ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে অভিবাসনবিরোধী বিক্ষোভে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সুদানের নাগরিক বলে ধারণা করা ৩০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এরপর মঙ্গলবার থেকে ব্রিটেনের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় বেলফাস্টের বিভিন্ন এলাকায় মুখোশধারী বিক্ষোভকারীরা জড়ো হয়ে বাড়িঘর, একটি বাস, গাড়ি এবং ব্যারিকেডে আগুন ধরিয়ে দেয়। সামাজিক মাধ্যমে যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, একাধিক বাড়ি আগুনে পুড়ছে এবং জরুরি সেবার যানবাহন ঘটনাস্থলে ছুটে যাচ্ছে।

উত্তর আয়ারল্যান্ডের পাশাপাশি নিউটাউন অ্যাবি ও কিলকিলেসহ আশপাশের এলাকায়ও গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডের কিছু শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে। উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বলেন, মুখোশধারী একটি দল পরিবারগুলোকে তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে। পুলিশ জানিয়েছে, ছুরি হামলার ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। হামলায় আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পরই এলাকায় বিক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে।

সোমবার রাতে উত্তর বেলফাস্টে ঘটে যাওয়া ছুরি হামলার একটি ভিডিও একজন প্রত্যক্ষদর্শী ধারণ করেন এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ও ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি রক্তাক্ত আরেকজনকে মাটিতে চেপে ধরে একাধিকবার আক্রমণ করছে।