চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। তাদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন ট্রেইনি চিকিৎসকরাও।
গতকাল সোমবার সকাল ৮টা থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয়।
গত ৩ জুন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ছয় দফা দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। দাবি আদায়ে অগ্রগতি না হওয়ায় ৪ ও ৬ জুন হাসপাতালের প্রধান ফটকে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ না দেখায় ৭ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতারা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নিলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। অন্যথায় দেশের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সাথে সমন্বয় করে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



