কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুরনো ভবন ভাঙার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে কোটচাঁদপুর পাইলট বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর হোসেন (৪০) কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা প্রায় ১১টার দিকে বিদ্যালয়ের একটি পুরনো ভবন ভাঙার সময় ইয়ানুর হোসেনের হাতে থাকা লোহার রড পাশের বিদ্যুতের মূল লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



