২০৩০ পর্যন্ত কি স্পেনে থাকছেন ফুয়েন্তে

Printed Edition
২০৩০ পর্যন্ত কি স্পেনে থাকছেন ফুয়েন্তে
২০৩০ পর্যন্ত কি স্পেনে থাকছেন ফুয়েন্তে

ক্রীড়া ডেস্ক

‘সম্ভাব্য সবকিছু জিতেছি’, বিশ্ব জয়ের পর গর্ব নিয়ে বললেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। চার বছর পরের বিশ্বকাপে কি তাহলে স্পেনের ডাগআউটে থাকার কথা ভাববেন তিনি? ভবিষ্যৎ নিয়ে আপাতত চিন্তা করছেন না দলটির কোচ। বলেছেন, এখন ঐতিহাসিক মুহূর্তটি উপভোগ করতে চান।

নিউ ইয়র্কে একপেশে ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেতে স্পেন। ২০১০ সালে প্রথমবার এই অনির্বচনীয় স্বাদ পেয়েছিল তারা। ২০২৪ সালে দে লা ফুয়েন্তের কোচিংয়ে ইউরো জিতেছে স্পেন। তার হাত ধরেই দুই বছর পর বিশ্ব সেরার মুকুটও জিতে নিলো লা রোজাদের।

৬৫ বছর বয়সে বিশ্বকাপ জিতে ইতিহাসে নাম লিখিয়েছেন ফুয়েন্তে। বিশ্ব জয় করা সবচেয়ে বেশি বয়স্ক কোচ এখন তিনি। তার কোচিংয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচ ধরে অপরাজিত স্প্যানিশরা। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার কোনো দলের নেই এমন কীর্তি।

২০২৮ সালের ইউরো পর্যন্ত স্পেনের সাথে চুক্তি আছে দে লা ফুয়েন্তের। এরপর কি চুক্তির মেয়াদ বাড়াবেন তিনি? দলকে আরেকটি বিশ্বকাপ জয়ের পথে এগিয়ে নিতে ২০৩০ সাল পর্যন্ত থাকবেন দায়িত্বে? এসব প্রশ্ন উঠছে এখন।

ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়া করতে নারাজ ফুয়েন্তে। আপাতত উপভোগ করে যেতে চান বিশ্বকাপ জয়ের মুহূর্তটি।

ম্যাচ শেষে ফুয়েন্তে বলেন, ‘যেখানে থাকতে চেয়েছিলাম, সেই জায়গায়টায় এখন আছি। এমন খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পারা সৌভাগ্যের। (ভবিষ্যৎ নিয়ে) কোনো তাড়াহুড়ো নেই। এখন মুহূর্তটা উপভোগ করতে হবে। হয়তো সেপ্টেম্বর এবং পরবর্তী ম্যাচগুলো নিয়ে ভাববো, তবে এটি একটি ঐতিহাসিক অর্জন; একটি ম্যাচ ধরে সামনে এগোতে চাই।’