শ্রীপুরে গ্যাস না পেয়ে অটোচালকরা বিপাকে

Printed Edition
গাজীপুরের শ্রীপুরে একটি পাম্পে সিএনজিচালিত অটোর দীর্ঘ সারি : নয়া দিগন্ত
গাজীপুরের শ্রীপুরে একটি পাম্পে সিএনজিচালিত অটোর দীর্ঘ সারি : নয়া দিগন্ত

আবুল কালাম আজাদ শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে দেখা দিয়েছে গ্যাসের তীব্র সঙ্কট। গ্যাসের চাপ কমে যাওয়ায় বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক চালককে গ্যাস না পেয়ে ফিরে যেতে হচ্ছে। এতে আয়-রোজগার নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন সিএনজি, অটোরিকশা ও অন্যান্য গ্যাসচালিত যানবাহনের চালকরা।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে গ্যাসের চাপ স্বাভাবিক না থাকায় ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে একদিকে চালকদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অন্য দিকে যাত্রীদেরও ভোগান্তি বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, শ্রীপুরের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনের সামনে গ্যাস নেয়ার জন্য গাড়ির দীর্ঘ সারি। কেউ কেউ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। গ্যাসের চাপ কম থাকায় নির্ধারিত সময়ের তুলনায় অনেক কমসংখ্যক গাড়িতে গ্যাস সরবরাহ করা যাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সিএনজি চালক আসাদ বলেন, গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনে কয়েকবার ট্রিপ দেয়া সম্ভব হচ্ছে না। ফলে আয় কমে গেলেও গাড়ির জমা, জ্বালানি ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।

আরেক চালক কামাল উদ্দিন বলেন, গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। কখন গ্যাস পাব, সেটাও নিশ্চিত না। একদিনে যে সময়টুকু গাড়ি চালানোর কথা, তার বড় একটি অংশ চলে যাচ্ছে লাইনে দাঁড়িয়েই। চালক মাইন উদ্দিন বলেন, গ্যাসের চাপ ঠিক না থাকলে আমাদের গাড়ি চালানোই কঠিন হয়ে যায়। দ্রুত সমস্যার সমাধান না হলে চালকদের পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তি পোহাতে হবে।

এ দিকে গ্যাসের সঙ্কট শুধু পরিবহন খাতেই নয়, আবাসিক গ্রাহকদের মধ্যেও উদ্বেগ তৈরি করেছে। কোথাও গ্যাসের চাপ কম থাকায় রান্নাবান্নায় সমস্যা হচ্ছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ও চালকদের দাবি, শ্রীপুরে গ্যাস সরবরাহ পরিস্থিতি দ্রত স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন। তা না হলে গ্যাসের দীর্ঘ লাইন ও সঙ্কটকে কেন্দ্র করে জনভোগান্তি বাড়তে পারে।