নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে আবুল কাশেম নামে এক গার্মেন্ট ব্যবসায়ীর গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৮-৯১৭০) লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। পরে আত্মরক্ষার্থে ওই ব্যবসায়ীর দেহরক্ষীও পাল্টা গুলি চালিয়েছেন। রোববার দিয়াবাড়ির বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটলেও গতকাল বিষয়টি জানিয়েছেন ভুক্তভুগী ব্যবসায়ী। উত্তরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো: আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিয়াবাড়ির বউ বাজার এলাকায় রোববার সকাল সোয়া ৯টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, এর আগে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডের ২ নম্বর বাড়িতে ওই ব্যবসায়ীর বাড়িতে চলতি বছর গত ১০ মার্চ ও ২৩ মে সন্ধ্যায় দুই দফায় মোটরসাইকেলে এসে হেলমেটধারীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। গত ২৪ মে থেকে তার বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে। এবারো একই কায়দায় ওই ব্যবসায়ীর গাড়িতে গুলি চালায় দুর্বৃত্তরা। এই ব্যবসায়ীর আশুলিয়া এলাকায় নিজস্ব গার্মেন্ট কারখানা রয়েছে।
আগের দুই ঘটনার পুলিশের পাশাপশি ডিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে গভীর তদন্ত করলেও দুর্বৃত্তদের গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি। ফলে ওই শিল্পপতির পরিবারও দুর্বৃত্তদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।



